• facebook
  • twitter
  • youtube
Sunday, 23 August, 2026

চাকরির টোপে পাঞ্জাবে নিয়ে কিডনি পাচার! বিধাননগরে ধৃত ১, পুলিশের নজরে সিভিক ভলান্টিয়ার

চাকরির টোপ দিয়ে পাঞ্জাবে নিয়ে গিয়ে এক ব্যক্তির কিডনি বাদ দেওয়ার অভিযোগে সিভিক ভলান্টিয়ার প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করেছে

চাকরির টোপে পাঞ্জাবে নিয়ে কিডনি পাচার! বিধাননগরে ধৃত ১, পুলিশের নজরে সিভিক ভলান্টিয়ার

কিডনি পাচার চক্রের মাথা সিভিক ভলেন্টিয়ার! সম্প্রতি পুলিশি তদন্তে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, চাকরির টোপ দিয়ে পাঞ্জাবে নিয়ে গিয়ে এক ব্যক্তির কিডনি বাদ দেওয়ার অভিযোগে সিভিক ভলান্টিয়ার প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

সল্টলেকের সুকান্তনগরের বাসিন্দা মঙ্গল মণ্ডলের অভিযোগ, মোটা বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার নাম করে হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর জ্ঞান হারান তিনি। জ্ঞান ফেরার পর দেখেন, পেটের বাঁ দিকে অস্ত্রোপচারের সেলাই। পরে জানতে পারেন, তাঁর একটি কিডনি বাদ দেওয়া হয়েছে।

কলকাতায় ফিরে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন মঙ্গল। সেই অভিযোগের ভিত্তিতে সুকান্তনগর থেকে প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। জেরায় জানা যায়, প্রভাসের নিজেরও একটি কিডনি নেই। তদন্তকারীদের অনুমান, তিনিও একসময় এই চক্রের শিকার হয়ে থাকতে পারেন।

পুলিশের দাবি, মঙ্গলের কিডনি মোহালির একটি বেসরকারি হাসপাতালে অন্য এক ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। ওই ব্যক্তির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই মোহালি থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে, কিডনি পাচারের কথা প্রকাশ না করার জন্য মঙ্গলকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগরের সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের বিরুদ্ধে। মঙ্গলের পরিবারের দাবি, অভিযোগ দায়ের না করার জন্য তাঁকে বোঝানো হয়েছিল।

প্রভাসকে জেরা করে উত্তরপ্রদেশের বাসিন্দা শাকিলের নামও উঠে এসেছে। তাঁকেই কিডনি পাচার চক্রের মূলচক্রী বলে সন্দেহ করছে পুলিশ। শাকিলের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। প্রভাসকে জেরা করে চক্রের আরও সদস্য ও গোটা নেটওয়ার্কের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।