বড়দিনের আগে রাজ্যের চার্চ ও মিশনারি স্কুলগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাজ্যের খ্রিস্টান সম্প্রদায়। রাজ্যের প্রায় এক হাজার চার্চ এবং ৮০০টি মিশনারি স্কুলের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল আর এন রবির দ্বারস্থ হতে চলেছে সংগঠনটি।
দাবি গত ছ’মাসে রাজ্যে খ্রিস্টান সম্প্রদায় ও চার্চের উপর একাধিক হামলার ঘটনা পুলিশের কাছে নথিভুক্ত হয়েছে কিন্তু কড়া আইনি পদক্ষেপ করেনি প্রশাসন বলে অভিযোগ বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার।
শুধু মুখ্যমন্ত্রী ও রাজ্যপালই নন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যের সিপিএম, কংগ্রেস ও তৃণমূল নেতৃত্বকেও চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। ইতিমধ্যে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানের মতোই রাজ্যের সমস্ত চার্চ ও বড়দিনের উৎসবে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।
পরিষেবার সাধারণ সম্পাদক হেরোদ মল্লিক জানিয়েছেন পার্ক স্ট্রিটের উৎসবে যে ধরনের নিরাপত্তা থাকে, রাজ্যের অন্য চার্চ ও বড়দিনের অনুষ্ঠানগুলিতেও মুখ্যমন্ত্রী একই ব্যবস্থা করবেন বলে তাঁরা আশাবাদী।
এদিকে, মিশনারি স্কুলে ধর্মান্তরণের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের মধ্যেই সোমবার পাল্টা প্রচারে নামল ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ খ্রিস্টান স্কুলস এবং বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। মিশনারি স্কুলের প্রাক্তনীদের অভিজ্ঞতা ও বক্তব্য সামনে আনতে বিশ্বব্যাপী প্রচার শুরু করেছে সংগঠনগুলি।
কয়েক দিন আগে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, মিশনারি স্কুলের অধ্যক্ষরা পড়ুয়াদের ধর্মান্তরণ করাচ্ছেন। সেই অভিযোগের বিচারবিভাগীয় তদন্তের দাবিও তুলেছে খ্রিস্টান সংগঠনগুলি।
সোমবার পার্ক স্ট্রিটের আর্চবিশপ হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের প্রতিনিধিরা জানান, গত ৫০ বছরে মিশনারি স্কুলে পড়াশোনা করেছেন, এমন প্রাক্তনীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রচারে অংশ নেবেন।
সেন্ট জেভিয়ার্স, লা মার্টিনিয়ার, ক্যালকাটা বয়েজ-সহ রাজ্যের প্রায় ৮০০টি মিশনারি স্কুলের প্রাক্তনীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি, বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের অভিভাবকেরাও এই প্রচারে যুক্ত হবেন। সমাজমাধ্যমে নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা ও তথ্য প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।
এই প্রসঙ্গে হেরোদ মল্লিক কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারমণ ও কিরেণ রিজিজুর পাশাপাশি রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পাল ও তাপস রায়ের নাম উল্লেখ করেন। তাঁর বক্তব্য, এঁদের মতো মিশনারি স্কুলের প্রাক্তনীরা প্রকাশ্যে তাঁদের অভিজ্ঞতা জানালে ধর্মান্তরণের অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে। যাঁরা কখনও মিশনারি স্কুলে পড়েননি, তাঁরাই ভিত্তিহীন অভিযোগ তুলে বিদ্বেষ ও উসকানি ছড়াচ্ছেন বলেও দাবি করেন তিনি।
গত ছ’মাসে চার্চ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তুলে হেরোদ মল্লিক আরও জানান, হামলাকারীদের একাংশ নিজেদের বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্য বলে পরিচয় দিচ্ছে। তবে তাঁদের দাবি, অভিযুক্তরা কোনও রাজনৈতিক দলের সদস্য বলে তাঁরা মনে করেন না। এই ধরনের ঘটনা রুখতে প্রশাসনের নজরদারি ও দ্রুত পদক্ষেপ জরুরি বলেও জানান তিনি।
বড়দিনের মরশুমে হামলা হলে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনাও নিয়েছে সংগঠনটি। হেরোদ মল্লিক জানান, কোনও চার্চে হামলা হলে পরপর তিনবার ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করা হবে। একজন থানায় খবর দেবেন, অন্যজন ঘটনার ভিডিয়ো রেকর্ড করবেন। পাশাপাশি, বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে একজোট হয়ে হামলা প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।




