জানা গিয়েছে, বিকাশ পাণ্ডে নামে এক ব্যক্তির দায়ের করা মানহানির মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। ২০১৮ সালের মে মাসে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন ধ্রুব রাঠি। সেখানে তাঁর অভিযোগ ছিল, বিজেপির তথ্যপ্রযুক্তি শাখা বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও ওই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাগ করে নেন। এরপরই ধ্রুব রাঠি ও অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিকাশ পাণ্ডে।
সেই মামলার শুনানিতেই সোমবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেছে আদালত। উল্লেখ্য, এর আগে একই মামলায় তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি হয়েছিল। গত ১২ অক্টোবর মামলার আগাম শুনানির আর্জি গ্রহণ করে ধ্রুব রাঠির বিরুদ্ধে সমনও জারি করেছিল আদালত।
এ বার জামিন অযোগ্য ওয়ারেন্ট জারির পর মামলাটি নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ৩ ডিসেম্বরের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, সে দিকেই নজর রয়েছে।




