২৪ ঘন্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গেটে যথাস্থানে বসল ঐতিহ্যবাহী এমব্লেম বা প্রতীক। শুক্রবার উদ্যোগ নিয়ে মেরামত করে ৪ নম্বর গেটে এই প্রতীক বসানো হল। বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সূত্রে জানা গিয়েছে, ঐতিহ্য রক্ষা ও ক্যাম্পাসের স্বকীয়তা বজায় রাখতে দ্রুত এই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমব্লেম পুনঃস্থাপনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন (Chiranjib Bhattacharjee), ‘এটি আমাদের কাছে গর্বের জিনিস। সেটা আবার যথাস্থানে পুনঃস্থাপন করতে পেরেছি।’
আরও পড়ুন: যাদবপুরে সংঘর্ষ-ভাঙচুর ও সম্পত্তি নষ্টের ঘটনায় থানায় অভিযোগ উপাচার্যের
বুধবার রাতে অরবিন্দ ভবনে বহিরাগতদের হামলা, অগ্নিকাণ্ড, হস্টেলের গেট ভেঙে ঢুকে অশান্তি সৃষ্টি করার ঘটনা ঘটে। এর পরের দিন বৃহস্পতিবার ক্যাম্পাসের উত্তপ্ত পরিস্থিতিতে নন্দলাল বসুর (Nandalal Basu) তৈরি করা এমব্লেমটি ভেঙে যায়। বাম সংগঠনগুলির তরফে দাবি করা হয়, প্রতীকটি ভেঙেছে এবিভিপির (ABVP) সমর্থকরা। যদিও এবিভিপির (ABVP) তরফে পাল্টা দাবি, বাম সংগঠনের সমর্থকরাই চক্রান্ত করে এমব্লেমটি ভেঙেছে। এই নিয়ে ছাত্র থেকে শিক্ষক মহল, এমনকি রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়ে গিয়েছে।
এরই মাঝে একদিনের মধ্যেই গর্বের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এমব্লেমটি যথাস্থানে বসানো হল। এবিষয়ে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচাৰ্য (Chiranjib Bhattacharjee) বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখন শিক্ষকতা করছি। এটা আমাদের গর্বের প্রতীক। যা ঘটেছে তা নিন্দনীয়। পুলিশে অভিযোগ দায়ের করেছি। যা যা চাইছে তা সবটাই দেওয়া হবে। পুলিশ তদন্ত করেছে।’
দেখুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেঙে যাওয়া ফলক ফের লাগানো হল
‘বেঙ্গল স্কুল অফ আর্ট’-এর অন্যতম পথিকৃৎ এবং শান্তিনিকেতনের ‘কলা ভবন’-এর প্রবাদপ্রতীম অধ্যক্ষ নন্দলাল বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রতীকটির নকশা করেছিলেন। সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ স্থির করেছিলেন তাদের মূল মন্ত্র হবে ‘জানার মাধ্যমেই বিকাশ’। এরপর সেই মন্ত্রকেই রূপায়িত করতে নন্দলাল বসু (Nandalal Basu) পদ্মের পাপড়িতে ঘেরা একটি ত্রি-শিখা প্রদীপের নকশা তৈরি করেছিলেন। যেখানে প্রদীপ প্রকাশ করে জ্ঞানের আলো, ত্রি-শিখা ছড়িয়ে দেয় বুদ্ধিবৃত্তিক চর্চা, আবেগ ও আধ্যাত্মিক উন্নতির সামগ্রিক বিকাশের বার্তা, আর পদ্মের পাপড়ি হয়ে ওঠে চারুকলা ও সংস্কৃতির ধারক। এই প্রতীক ভেঙে যাওয়ার ঘটনা নিয়েই তীব্র নিন্দায় সরব হয় ছাত্র-শিক্ষক মহল। সেই ভাঙা প্রতীক এদিন মিস্ত্রি এনে মেরামত করা হল।




