যুক্তরাষ্ট্রে নিউইর্য়ক শহরের ব্যস্ততম পেন স্টেশনে ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই এক ব্যক্তি ছুরি নিয়ে কয়েকজনের উপরে হামলা চালান। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মার্কিন রেল সংস্থা অ্যামট্রাক জানিয়েছে, এদিনের হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগসূত্র পাওয়া যায়নি।
তদন্তকারীদের অনুমান, আকস্মিকভাবে এই হামলা চালানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ হতে পারেন। ঘটনার পর পেনম স্টেশন ও তার আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। ঘটনার পরে পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এর ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, পেন স্টেশন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। ওই স্টেশন ম্যানহাটনের কেন্দ্রস্থলে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার যাত্রী ওই স্টেশন ব্যবহার করে থাকেন। এই ঘটনায় নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার পরেই পুলিশকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
সমাজমাধ্যমের এক বার্তায় তিনি বলেন, ‘গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। সেইসঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।’ এর পাশাপাশি হামলার সঠিক কারণ জানতে পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।




