• facebook
  • twitter
Sunday, 19 April, 2026

রুশ উপদূতাবাসের গাড়িতে তল্লাশি, কূটনৈতিক বিধিভঙ্গের অভিযোগ

রুশ উপদূতাবাসের তরফে ভারতের বিদেশমন্ত্রকে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে

বঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কলকাতা পুলিশের নাকা চেকিং চলাকালীন শহরে রুশ উপদূতাবাসের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রুশ উপদূতাবাসের তরফে ভারতের বিদেশমন্ত্রকে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে কলকাতা পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশ ও প্রস্থান পথগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একাধিক জায়গায় নাকা চেকিং চলছে, যেখানে সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। গত কয়েক দিনে এই তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ও কিছু ক্ষেত্রে অস্ত্রও উদ্ধার হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই পরিস্থিতিতে শহরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Advertisement

এই প্রেক্ষাপটেই অভিযোগ, ১৪ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং ১৬ এপ্রিল চেতলা এলাকায় রুশ উপদূতাবাসের গাড়ি দু’বার তল্লাশির মুখে পড়ে। উপদূতাবাসের দাবি, সংশ্লিষ্ট গাড়িগুলি কূটনৈতিক পরিচয় বহন করছিল এবং তা সত্ত্বেও তল্লাশি চালানো হয়। তাদের মতে, এটি আন্তর্জাতিক কূটনৈতিক নিয়মের পরিপন্থী। বিশেষ করে ভিয়েনা কনভেনশনের বিধি অনুসারে কূটনৈতিক যানবাহনের ক্ষেত্রে নির্দিষ্ট মর্যাদা ও সুরক্ষা থাকা উচিত, যা এই ঘটনায় লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ।

Advertisement

রুশ উপদূতাবাস এই ঘটনার বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও বিস্তারিত অভিযোগ পাঠিয়েছে। সেখানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনাটি ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি কূটনৈতিকভাবে কীভাবে সমাধান করা হবে, সেদিকে নজর রাখা হচ্ছে।

 

 

Advertisement