• facebook
  • twitter
Sunday, 22 March, 2026

মোজতবা খামেনেই কোথায়? কাটছে না ধোঁয়াশা!

কুয়েতি এক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় গুরুতর আহত হয়ে মোজতবাকে চিকিৎসার জন্য মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে। তবে রাশিয়া এই দাবি অস্বীকার করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত মোজতবা খামেনেইকে ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাঁর খোঁজে একযোগে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত কোনও নিশ্চিত হদিশ মেলেনি।

সূত্রের দাবি, মোজতবা বেঁচে থাকলেও বর্তমানে তাঁর হাতে ইরানের ক্ষমতা নেই। বরং দেশের নিয়ন্ত্রণ রয়েছে রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি-র হাতে। এমনকি আরও একটি সূত্রের মতে, মোজতবাকে নিয়ন্ত্রণ করছে এই আইআরজিসি-ই।

Advertisement

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও মার্কিন হামলায় আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর ৯ মার্চ মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে সেই ঘোষণার পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ফলে তাঁর মৃত্যু নিয়ে জল্পনা বেড়েছে।

Advertisement

কয়েকটি সূত্র দাবি করেছে, হামলায় মোজতবার মৃত্যু হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্টও মন্তব্য করেন, ‘শুনেছি ওঁর মৃত্যু হয়েছে।’ যদিও ইরানের পক্ষ থেকে বারবার এই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। পরে কুয়েতি এক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় গুরুতর আহত হয়ে মোজতবাকে চিকিৎসার জন্য মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে। তবে রাশিয়া এই দাবি অস্বীকার করেছে।

এই ধোঁয়াশার মধ্যেই ১২ মার্চ ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি বার্তা দেন মোজতবা। নওরোজ উপলক্ষে শুভেচ্ছাও জানান তিনি। তবে সব বার্তাই সরকারি মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাঁকে সরাসরি দেখা যায়নি। এরপরেই রহস্য ঘনীভূত হয়েছে। নওরোজে প্রকাশিত একটি ছবিও খতিয়ে দেখছে গোয়েন্দারা। সেটি সাম্প্রতিক কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে মোজতবাকে ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে।

Advertisement