• facebook
  • twitter
  • youtube
Friday, 19 June, 2026

শান্তিচুক্তি কার্যকর হতেই হরমুজ প্রণালী দিয়ে শুরু জাহাজ চলাচল, কী বলছেন খামেনেই?

ইরানের সবোর্চ্চ নেতা মোজতবা খামেনেই এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করেছেন।

দীর্ঘ সংঘাতের পর অবশেষে শান্তিচুক্তির পথে হেঁটেছে দুই যুযুধান দেশ। সেই প্রাথমিক চুক্তি বা মউকে ঐতিহাসিক বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে ইরানের বন্দরে চলা নৌ অবরোধ প্রত্যাহার করল আমেরিকা। এর পাশাপাশি হরমুজ় প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলি ফের চলাচল শুরু করেছে বলেও জানা গিয়েছে।

ইরানের সবোর্চ্চ নেতা মোজতবা খামেনেই জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের পরে হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পরেই বৃহস্পতিবার ইরানি বন্দরগুলির উপরে আরোপিত নৌ-অবরোধ তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই দিনই তিনটি সৌদি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ় প্রণালী দিয়ে উপসাগর এলাকা থেকে বেরিয়ে গিয়েছে।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ওই প্রণালী দিয়ে কম করে ১২টি জাহাজকে যাতায়াতের অনুমতি দিয়েছে। তবে এদিকে ইরানের সবোর্চ্চ নেতা মোজতবা খামেনেই এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করেছেন। তাঁর দাবি, ট্রাম্প এই চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।

মোজতবা খামেনেই জানিয়েছেন, তিনি প্রথমে এই চুক্তি করতে চাননি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরানের সুপ্রিম ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পরে তিনি এই চুক্তিতে সম্মতি প্রকাশ করেন। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের কথা না রাখে, তারা যদি নতুন শর্ত দেওয়ার চেষ্টা করে, তাহলে তেহরান তাী মেনে নেবে না। ইরান পাল্টা প্রতিশোধ নিতে দুবারও ভাববে না বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ইরান হরমুজ় প্রণালী বন্ধ করে দেয়। পাল্টা আমেরিকা ইরানের বন্দরগুলিতে হামলা শুরু করে। শেষ পর্যন্ত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মউ স্বাক্ষর করেন। পরে সই করা চুক্তিপত্রের ফটো ইরান কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তাতে সই করে দেন। তবে এটি প্রাথমিক চুক্তি। মূল স্থায়ী চুক্তিটি আরও আলোচনা ও বোঝাপড়ার পরে আগামী ৬০ দিনের মধ্যে তৈরি হবে।