• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে পারলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে ট্রাম্পের বক্তব্য, যে ভাবেই হোক এই সংঘাতে আমেরিকাই জয়ী হবে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি হলে, তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারলে নিজেকে ‘সম্মানিত’ বোধ করবেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমি বিশেষভাবে দেখা করতে চাইছি না। কিন্তু যদি দেখা হয়, তা হলে আমি সম্মানিত বোধ করব।’ একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা সফল হলে এমন বৈঠকের পথ খুলে যেতে পারে।

ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে ট্রাম্পের বক্তব্য, যে ভাবেই হোক এই সংঘাতে আমেরিকাই জয়ী হবে। তাঁর কথায়, ‘হয় সামরিক শক্তির মাধ্যমে, নয়তো কূটনৈতিক চুক্তির মাধ্যমে।’ যদিও তিনি দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার মূল উদ্বেগ অনেকটাই মিটেছে এবং ইউরেনিয়ামের মজুত নিয়ে আগের মতো জোর দিচ্ছে না ওয়াশিংটন।

প্রসঙ্গত, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নেতৃত্বে এসেছেন তাঁর ছেলে মোজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রকাশ্যে খুব কমই এসেছেন। তাঁর শারীরিক পরিস্থিতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও নানা জল্পনা রয়েছে আন্তর্জাতিক মহলে।

ট্রাম্প আরও বলেন, দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য। তবে পশ্চিম এশিয়ায় মার্কিন স্বার্থ বা সেনাদের উপর হামলা হলে আমেরিকা প্রয়োজনীয় পদক্ষেপ করতে পিছপা হবে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর লক্ষ্যে বিভিন্ন স্তরে যোগাযোগ ও আলোচনা চলছে। ফলে ট্রাম্প ও খামেনির মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে।