আফগানিস্তানে শিউরে ওঠার মতো ঘটনা। ক্লাস চলাকালীন স্কুলের ঠিক পাশেই ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৯৭ জন। শনিবার সকাল ১০টা নাগাদ পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে একটি মিডল স্কুল সংলগ্ন বাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রশাসন সূত্রের খবর, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে একাধিক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মৌলা দাদ সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত সাতজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯৭ জন। তিনি জানান, উদ্ধার ও চিকিৎসার কাজ চলায় হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনও নিশ্চিত নয়।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা মাওলবি সামি-উল-হক জানিয়েছেন, স্কুলের ঠিক পাশেই একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বাড়িটি খননকাজের সঙ্গে যুক্ত কয়েকজনের মালিকাধীন ছিল। সেখানে ডিনামাইট মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার পর তদন্তের জন্য কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণের সঠিক কারণ ও বাড়িটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে হামলার ঘটনা ঘটেছে। গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে গ্রেনেড হামলায় ৯-১৪ বছর বয়সি ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল বলে জানিয়েছিল আল জাজিরা।
আরও পড়ুন: কায়রোর হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা, জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে মৃত ৩১, আহত ২১
সাম্প্রতিক এই বিস্ফোরণের পর স্কুলের আশেপাশে বিস্ফোরক মজুত রাখার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আহতদের শারীরিক অবস্থা ও বিস্ফোরণের কারণ সম্পর্কে প্রশাসনের বিস্তারিত বিবৃতির অপেক্ষায় রয়েছে স্থানীয় বাসিন্দারা।




