• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

কায়রোর হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা, জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে মৃত ৩১, আহত ২১

ঘটনার তদন্ত শুরু করেছে আঞ্চলিক সরকারি কৌঁসুলির দপ্তর। মৃতদের পরিচয় শনাক্ত করতে তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ হয়েছে। ট্যাঙ্কারটি একটি বেসরকারি সংস্থার মালিকাধীন ছিল।

কায়রোর হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা, জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে মৃত ৩১, আহত ২১

Photo: BBC

মিশরের রাজধানী কায়রোর ব্যস্ত হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা। বুধবার সন্ধ্যায় কায়রোর ওয়াররাক এলাকার রিং রোডে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে।

দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, আগুনের বিশাল লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। আগুনে দগ্ধ হওয়া ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্যাঙ্কারটি উল্টে যাওয়ায় তার ভিতরে থাকা জ্বালানি রাস্তায় ছড়িয়ে পড়ে। এর জেরেই আশেপাশের গাড়িগুলিতে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে সরকারি তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, ট্যাঙ্কারটির সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। সেটি এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্যাঙ্কারটি রাস্তার ডিভাইডার পেরিয়ে উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে আঞ্চলিক সরকারি কৌঁসুলির দপ্তর। মৃতদের পরিচয় শনাক্ত করতে তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ হয়েছে। ট্যাঙ্কারটি একটি বেসরকারি সংস্থার মালিকাধীন ছিল।

আরও পড়ুন: ভারতীয় পণ্যে শুল্ক নিয়ে নতুন চাল আমেরিকার, চুক্তি হলে হতে পারে ১৭%!

মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, উদ্ধার ও চিকিৎসার কাজে ৩৯টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। উল্লেখ্য, মিশরে পথ দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা নতুন নয়। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটির রাস্তায় দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।