• facebook
  • twitter
  • youtube
Wednesday, 28 October, 2026

দিঘা-মন্দারমণিতে উত্তাল সমুদ্র, অর্ণবের জেরে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

দিঘা-মন্দারমণিতে উত্তাল সমুদ্র, অর্ণবের জেরে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Image: ANI

ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab) এখনও স্থলভাগে ঢুকছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার একাধিক এলাকায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। তবে পূর্বাভাস থাকলেও এখনও পশ্চিমবঙ্গে অর্ণবের প্রভাব সে ভাবে পড়েনি। যদিও অর্ণবের (Cyclone Arnab) জেরে কলকাতা বিমানবন্দরে কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ‘দুদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। তবে বুধবার উত্তরের কোনও জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ঘণ্টায় ১৩৫ কিমি বেগে বইছে হাওয়া

বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টের পর পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছিল। তারপর থেকে ওই জেলায় উল্লেখযোগ্য বৃষ্টির খবর মেলেনি। তবে বুধবার ভোর থেকে কাঁথি ও রামনগর-সহ কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। সকাল থেকে বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাস স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। তাজপুর ও শঙ্করপুর-সহ উপকূলবর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সমুদ্র স্নানেও নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

উত্তরে এদিন ঝড়বৃষ্টির বিশেষ পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। উত্রবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কাও রয়েছে বলে সতর্কতা করা হয়েছে।

দেখুন: