জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার মিলল হাতেনাতে। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি-২০ ক্রিকেটে এক লাফে ২৩০ ধাপ লাফ দিলেন ভারতের ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। অন্যদিকে, একদিনের ক্রিকেটে ফের বিশ্বের এক নম্বর ব্যাটারের আসন দখল করলেন ভারত অধিনায়ক শুভমন গিল। বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিং তালিকা ভারতীয় ক্রিকেটকে এই জোড়া সুখবর সামনে এল।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই সিরিজে ১৫১ রান করে নজর কেড়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টি-২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ উঠে ৪৮ নম্বরে এসেছেন বিহারের এই তরুণ ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এত অল্প সময়ের মধ্যে এমন উত্থান ভারতীয় ক্রিকেটে বিরল।
‘সূর্যবংশীর রেটিং ৫৩৬ পয়েন্ট, যা তাঁর তুলনায় অনেক বেশি অভিজ্ঞ সতীর্থদের থেকে এখনও বেশ পিছিয়ে। তবে ঈশান কিষাণ এখন দাবি করতে পারেন যে, তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রেটিং ভারতের আরও প্রতিষ্ঠিত ক্রিকেটার সূর্যকুমার যাদবের (৯১২) এবং বিরাট কোহলির (৯০৯) থেকেও বেশি,’ জানিয়েছে আইসিসি।
এদিকে, তিলক বর্মা দুই ধাপ এগিয়ে টি-২০ আন্তর্জাতিক ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, ভারতের টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার সাত ধাপ এগিয়ে পৌঁছে গিয়েছেন ২৪ নম্বরে।
ওয়ানডে ক্রিকেটে ফের সিংহাসন ফিরে পেলেন শুভমন গিল। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে সরিয়ে তিনি আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এক নম্বর স্থানে ছিলেন মিচেল। ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই ছ’মাস পর ফের বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটারের তকমা ফিরে পেলেন ভারত অধিনায়ক।
ভারতের সাফল্য এখানেই শেষ নয়। টি-২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে ইশান কিষাণ দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। এছাড়া স্পিনার রবি বিষ্ণোই বোলারদের তালিকায় ৩১ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবোয়ে সফরে ভারতের দাপুটে পারফরম্যান্সের প্রভাব স্পষ্টভাবেই পড়েছে আইসিসির সর্বশেষ ক্রমতালিকাতেও।




