• facebook
  • twitter
  • youtube
Wednesday, 19 August, 2026

মোহনবাগান রত্ন দেওয়া হবে প্রয়াত অঞ্জন মিত্রকে

মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন হচ্ছেন প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জনকুমার মিত্র। তাঁর পরিবারের পক্ষ থেকে কন্যা এই সম্মান গ্রহণ করবেন।

মোহনবাগান রত্ন দেওয়া হবে প্রয়াত অঞ্জন মিত্রকে

আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন হচ্ছেন প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জনকুমার মিত্র। তাঁর পরিবারের পক্ষ থেকে কন্যা এই সম্মান গ্রহণ করবেন। জীবনকৃতী সম্মানে সম্মানিত হচ্ছেন আন্তর্জাতিক গোলরক্ষক প্রতাপ ঘোষ। সেরা সিনিয়র ফুটবলার হিসাবে সম্মানিত হবেন আলবার্তো রড্রিগেজ। আক্রমণভাগের সেরা ফুটবলার হিসেবে সম্মান পাবেন লিস্টন কোলাসো। বছরের সেরা সিনিয়র ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন অভিষেক রামন। তরুণ সম্ভাবনাময় ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন সুহেল আহমেদ ভাট। সেরা হকি খেলোয়াড় রাহিল মহসীন। সেরা অ্যাথলিট তাহুরা খাতুন। সেরা ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার দেওয়া হচ্ছে প্রয়াত গোপীনাথ ঘোষকে। সেরা রেফারি হলেন সাগর সেন। সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে গৌতম ভট্টাচার্য মনোনীত হয়েছেন। বছরের সেরা সমর্থক হিসেবে মনোনীত হলেন রাজীব রায় ও সৌরভ ঘোষ চক্রবর্তী। বিশেষ সংবর্ধনা দেওয়া হবে ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারকে।

বুধবার মোহনবাগান ক্লাবের কার্যকরী সভায় এই সিদ্ধান্তের পাশাপাশি সহসভাপতি পদে মনোনীত করা হয়েছে মোহনবাগান রত্ন ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার প্রসূন ব্যানার্জি ও অসিত চ্যাটার্জিকে। ২৯ জুলাই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মোহনবাগান দিবসের সূচনা হবে। ওই দিনই প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৩০ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। নিজের জীবদ্দশায় আজীবন মোহনবাগানের সঙ্গে  যুক্ত ছিলেন অঞ্জন মিত্র। ক্লাবের বিপদে একাধিকবার এগিয়ে এসেছিলেন তিনি। এমনকি নিজের পকেট থেকেও টাকা দিয়ে ক্লাবের সমস্যা মেটাতে দুবার ভাবেননি তিনি। তাই এবারে তাঁকেই দেওয়া হবে এই সম্মান।