• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

শোচনীয় রক্ষণ, একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে ঘরের মাঠে ড্র ইস্টবেঙ্গলের

বিপদ বুঝে একসঙ্গে তিনজন ফুটবলারকে পরিবর্তন করেন হাবাস। চোট পাওয়া এডমন্ডের জায়গায় তিনি মাঠে নামান পি ভি বিষ্ণুকে

শোচনীয় রক্ষণ, একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে ঘরের মাঠে  ড্র ইস্টবেঙ্গলের

EBFC First Home Match Photo-SNS

নিজেদের বক্সে দিল্লির ফরওয়ার্ড আইমেনকে ফাউল করে যখন পেনাল্টি ‘উপহার’ দিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক মহম্মদ রশিদ, তখনই সাইড লাইনে লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে দেখা গেল চূড়ান্ত বিরক্তি ও ক্ষোভে ফেটে পড়তে।

রাগের মাথায় স্প্যানিশ কোচ তোয়ালে ছুঁড়ে ফেললেন চেয়ারে। তাঁর সেই রাগ আরো বাড়িয়ে দিলেন কার্লোস ফর্টিস। পেনাল্টির গোলে এসসি দিল্লিকে এগিয়ে দিলেন তিনি। সঠিক দিকে ঝাঁপলেন প্রভসুখন গিল,
কিন্তু গোল আটকাতে পারলেন না। এখানেই শুরু। যার শেষটা হল এসসি দিল্লির বিরুদ্ধে কোনোক্রমে ২-২ ড্র করে।

শুক্রবার বৃষ্টিস্নাত যুবভারতীতে শুরুটা কিন্তু খুব একটা খারাপ করেনি ইস্টবেঙ্গল। আইএসএলে ঘরের মাঠে প্রথম ম্যাচে
শুরু থেকে আক্রমণের ঝড় তোলেন দানি রামিরেজ, মহম্মদ রশিদ, এডমন্ড লালরিনডিকা-রা। কিন্তু, এই ম্যাচেও ইস্টবেঙ্গলকে ভোগাল একাধিক সুযোগ নষ্টের সেই চেনা প্রবণতা।

লাল-হলুদ রক্ষণভাগ যে আনোয়ার আলি ছাড়া অকেজো, তা ফের একবার প্রমান হয়ে গেল এই ম্যাচে। বরং, দিল্লির কাছে ঘরের মাঠে হারের পর দিয়েগো জিভুলিচ, হার্দিক ভাটদের ফর্ম নিয়ে প্রশ্নও উঠে গেল।

এদিন ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যেই ফ্রি-কিক পায় লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, দানি রামিরেজের শট আটকে দেন দিল্লির রক্ষণভাগের ফুটবলাররা। এর পরেও এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। রামিরেজের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

ম্যাচের ১৩ মিনিটের মাথায় চোটের কারণে মাঠ ছাড়েন দিল্লির ফুটবলার ডুভান ফেলিপে। ফের চোট পান ক্লারেন্স সাভিয়ো। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

এই অবস্থায় খেলার গতির বিরুদ্ধেই পেনাল্টি পায় দিল্লি। সুযোগের সদ্ব্যবহার করে দিল্লিকে এগিয়ে দেন ফর্টিস। তবে, তাঁদের এই স্বস্তি বেশিক্ষন স্থায়ী হয়নি। বিরতির পাঁচ মিনিট আগে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান এডমন্ড লালরিনডিকা। রামিরেজের বাড়ানো বল ধরে বক্সের বাঁ-দিক থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন তিনি। এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু প্রথমার্ধের সংযুক্ত সময়ে জয় গুপ্তার শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতে জোড়া পরিবর্তন করে আক্রমণে চাপ বাড়ায় দিল্লি। তার ফলও মেলে। ম্যাচের ৬৭ মিনিট নাগাদ দিল্লির হয়ে জয়সূচক গোল করে যান আশুতোষ মেহতা। এক্ষেত্রে দায় এড়াতে পারেননা হার্দিক ভাট। অকারণ বিপক্ষকে কর্নার উপহার দেন তিনি। সেই কর্নার থেকে বাড়ানো বল লাল-হলুদ গোলরক্ষকের হাতে লেগে পোস্টে লাগে। ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি আশুতোষ মেহতা।

বিপদ বুঝে একসঙ্গে তিনজন ফুটবলারকে পরিবর্তন করেন হাবাস। চোট পাওয়া এডমন্ডের জায়গায় তিনি মাঠে নামান পি ভি বিষ্ণুকে। এছাড়াও লুকাস জেলোনস্কিকে তুলে আকে লোবা এবং জিকসন সিং-কে তুলে ডেভিড লালনসাঙ্গাকে মাঠে নামান তিনি।

এই পরিবর্তন কিছুটা হলেও ম্যাচে ফেরায় ইস্টবেঙ্গলকে। ৮২ মিনিটে ডেভিডের বাড়ানো বল থেকে লাল-হলুদ ব্রিগেডকে সমতায় ফেরান আকে লোবা। এর পর আক্রমণের ঝড় তুলেও জয়ের গোল পায়নি হাবাসের দল। শেষপর্যন্ত ২-২-এ ম্যাচ ড্র করে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পাঁচ নম্বরে রইল ইস্টবেঙ্গল।