প্রথাগত গরু বা মোষের খামারের চেনা ছক ভেঙে ভারতে এখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গাধার চাষ। বিপুল মুনাফা এবং দেশি-বিদেশি বাজারে ক্রমবর্ধমান চাহিদার জেরে পশুপালন ক্ষেত্রে নতুন লাভজনক ব্যবসা হিসেবে উঠে আসছে গাধার দুধ উৎপাদন। সেই ধারায় নতুন পালক জুড়ে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় চালু হল রাজ্যের প্রথম সংগঠিত গাধার খামার। সেখানে এক লিটার গাধার দুধ ৫ হাজার থেকে ৭ হাজার টাকা দরে বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুধু দুধই নয়, গাধার গুঁড়ো দুধের বাজারদর আরও চমকে দেওয়ার মতো। গুণগত মানভেদে প্রতি কেজি গুঁড়ো দুধ বিকোচ্ছে ২০ হাজার থেকে ৮০ হাজার টাকায়।
বিলাসপুরের কান্দরৌর (Kandror) গ্রামে ‘ডেয়ারি কনক্লেভ ২০২৬’ (Dairy Conclave 2026) চলাকালীন এই খামারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিমাচল প্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী রাজেশ ধর্মাণী। ‘ডেইরিকা ফার্মস প্রাইভেট লিমিটেড’ (Dairica Farms) নামে একটি সংস্থার উদ্যোগে তৈরি এই খামারটি চালু করেছেন দুই তরুণ উদ্যোক্তা সঞ্জীব সিংহ ঠাকুর এবং সীরত তুর। আপাতত ১২টি গাধা নিয়ে যাত্রা শুরু করলেও খুব শীঘ্রই সংখ্যাটি বাড়িয়ে ২৫ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।
কেন এত চড়া দাম?
সাধারণ গরু বা মোষের দুধের তুলনায় গাধার দুধের দাম এত আকাশছোঁয়া হওয়ার নেপথ্যে মূলত দু’টি কারণ রয়েছে। প্রথমত, অত্যন্ত সীমিত উৎপাদন এবং দ্বিতীয়ত, প্রসাধনী ও স্বাস্থ্যপণ্যের বাজারে এর বিপুল চাহিদা। ডেইরিকা ফার্মস মূলত ত্বকচর্চা (skincare), রূপচর্চা, প্রসাধনী এবং স্বাস্থ্যপণ্য প্রস্তুতকারক ভারতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে এই দুধ সরবরাহ করার লক্ষ্য নিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাধার দুধে ল্যাকটোজ়, হোয়ে প্রোটিন (whey protein) এবং লাইসোজাইম ও ল্যাকটোফেরিনের মতো বায়ো-অ্যাক্টিভ উপাদান থাকে। এই বিশেষ গুণের কারণেই দামি ক্রিম, সাবান ও ময়েশ্চারাইজ়ার তৈরিতে গাধার দুধের কদর বাড়ছে। পাশাপাশি, বাণিজ্যিক ভাবে গাধার দুধের জোগান অত্যন্ত কম হওয়ায় এর বাজারদর সব সময়ই চড়া থাকে।
লুপ্তপ্রায় দেশীয় ‘স্পিতি’ প্রজাতি সংরক্ষণের ভাবনা
সংস্থার সহ-প্রতিষ্ঠাতা সীরত তুর জানিয়েছেন, দেশে ক্রমশ কমতে থাকা গাধার সংখ্যা দেখেই তাঁদের মাথায় এই ব্যবসার ভাবনা আসে। সেই কারণেই তাঁরা হিমাচল প্রদেশের নিজস্ব ‘স্পিতি’ (Spiti) প্রজাতির গাধা পালনের ওপর জোর দিয়েছেন। এতে এক দিকে যেমন স্থানীয় প্রজাতির সংরক্ষণ সম্ভব হবে, তেমনই স্থানীয় পশুপালকদের জন্য বিকল্প আয়ের রাস্তাও খুলবে।
অন্য দিকে, সঞ্জীব সিংহ ঠাকুর জানিয়েছেন, তাঁদের সংস্থা আগে থেকেই দুধ উৎপাদন, সংগ্রহ এবং বিপণনের সঙ্গে যুক্ত এবং বর্তমানে প্রতিদিন ২,৭০০ লিটারেরও বেশি দুধ সংগ্রহ করে। নিজস্ব খামার পরিচালনার পাশাপাশি আশপাশের এলাকার পশুপালকদেরও নিজেদের নেটওয়ার্কে যুক্ত করে তাঁদের দুধ বিক্রির ব্যবস্থা করে দিচ্ছে সংস্থাটি।
গাধা পালনে ৫০ লক্ষ টাকা ভর্তুকি
গাধার চাষকে উৎসাহিত করতে এবং দেশীয় প্রজাতি রক্ষায় বড় আর্থিক সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের ‘ন্যাশনাল লাইভস্টক মিশন’ (National Livestock Mission)-এর আওতায় প্রজনন খামার গড়তে আকর্ষণীয় ভর্তুকির ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের গুরুত্বপূর্ণ দিকগুলি হল, ভেড়া, ছাগল, শূকর, উট, ঘোড়া ও গাধার প্রজনন খামার তৈরিতে প্রকল্প ব্যয়ের ৫০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত এককালীন মূলধনী ভর্তুকি দেয় কেন্দ্র। গাধার খামারের ক্ষেত্রে এই ভর্তুকি পেতে অন্তত ৫০টি মাদি এবং ৫টি পুরুষ দেশীয় প্রজাতির গাধা নিয়ে ইউনিট শুরু করতে হয়। মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশ জুড়ে এই প্রকল্পে ২,৬৭২.৬৫ কোটি টাকা ব্যয়ের মোট ৩,৮৪৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মোট অনুমোদিত ভর্তুকির পরিমাণ ১,২৩৩.৬৯ কোটি টাকা। এর মধ্যে ২,০১৪টি প্রকল্প ইতিমধ্যেই প্রথম কিস্তি বাবদ ৩৫৪.০৬ কোটি টাকা ভর্তুকি পেয়ে গিয়েছে।
বাণিজ্যের সম্ভাবনা
হিমাচলের আগে গুজরাত ও তামিলনাড়ুর মতো রাজ্যেও গাধার দুধের বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। তবে এই ব্যবসাকে দীর্ঘমেয়াদে টেকসই করতে হলে যথাযথ প্রস্তুতি প্রয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। হিমাচলের মন্ত্রী রাজেশ ধর্মাণী এই উদ্যোগকে স্বনির্ভরতার নতুন দিশা হিসেবে স্বাগত জানালেও স্পষ্ট জানিয়েছেন, ব্যবসা বিস্তারের আগে বৈজ্ঞানিক গবেষণা, গুণমান পরীক্ষা, প্রক্রিয়াকরণ (processing) এবং নির্ভরযোগ্য বাজার তৈরির দিকে নজর দিতে হবে। পাশাপাশি, গাধার দুধের তথাকথিত ঔষধি গুণাবলি নিয়ে যে দাবিগুলি প্রচলিত রয়েছে, সেগুলি বৈজ্ঞানিকভাবে যাচাই করা প্রয়োজন এবং একে প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি হিসেবে দেখা উচিত নয় বলেও অনুষ্ঠানে সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেবল চড়া খুচরো দাম দেখে নয়, বরং প্রক্রিয়াকরণ ও কোল্ড-চেন পরিকাঠামো এবং নিশ্চিত ক্রেতা খুঁজে নিয়ে তবেই এই নয়া ব্যবসায় পা বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে।




