• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন স্থগিত! বড় সিদ্ধান্ত ঘোষণা নির্বাচন কমিশনের

তাছাড়া এসআইআরের আবহে চলতি বছর এসএসআর পৃথক তাৎপর্য তৈরি করেছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এসএসআরের জন্য

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন স্থগিত! বড় সিদ্ধান্ত ঘোষণা নির্বাচন কমিশনের

WB State Election Commission Photo-SNS

রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ স্পেশ্যাল সামারি রিভিশন শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ২৩ নভেম্বর তারিখে। কিন্তু ঠিক তার তিনদিন আগেই উলটপুরাণ ঘটল। শুক্রবার বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেখান থেকে জানিয়ে দেওয়া হল, আপাতত স্থগিত ওই প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘোষণা করে জানিয়ে দিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেটা কোন পরিস্থিতি তা খোলসা করা হয়নি। এদিন রাজ্য সিইও দপ্তর একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানেই স্থগিতের কথার উল্লেখ রয়েছে।

এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘ছবিযুক্ত ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনার যে কর্মসূচি আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা অনিবার্য কারণবশত এতদ্বারা স্থগিত করা হল। পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’ পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়ার কথা ভোটার তালিকার বিশেষ সংশোধন। নতুন ভোটারের নাম তোলা, সংশোধন, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাচন কমিশন জানিয়ে দেয়, কোনও ভোটকেন্দ্রে মোট ভোটারের দুই শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সেটা খতিয়ে দেখা হবে। নির্বাচনী আধিকারিককে নিজে সেটা যাচাই করতে হবে। একই ব্যক্তি পাঁচটির বেশি আপত্তি জানালেও সেটা আলাদা করে খতিয়ে দেখা হবে।

অক্টোবর মাসেই জানানো হয়েছিল, ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকাভুক্তির সংখ্যা বাড়াতে এবার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন চালানো হবে। এই সংক্ষিপ্ত পুনর্বিবেচনা কর্মসূচিতে নতুন নাম অন্তর্ভুক্তির উপর জোর দেওয়া হয়েছে। ভারতের নির্বাচন কমিশন ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার একটি স্পেশ্যাল সামারি রিভিশন কর্মসূচি পরিচালনার নির্দেশ দিয়েছিল। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২১ ধারা অনুযায়ী এসএসআর পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়। বাদ পড়া যোগ্য ভোটারদের, প্রথমবারের ভোটারদের, তরুণদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাই মূল কাজ। একইসঙ্গে আরও সংশোধন আনা। ভোটার তালিকা আরও নির্ভুল বানানোই উদ্দেশ্য।

তাছাড়া এসআইআরের আবহে চলতি বছর এসএসআর পৃথক তাৎপর্য তৈরি করেছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এসএসআরের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন জানানো যাবে। তবে কোনও একজনই পাঁচটি বা তার বেশি আপত্তি জানালে নির্বাচনী আধিকারিক সেটা যাচাই করে দেখবেন। একটি পরিবারের সকল সদস্যকে ভোটার তালিকায় একসঙ্গে রাখতে বলা হয়েছে।