ইরানে হামলার জেরে সম্ভবত অল ইংল্যান্ড ওপেনে খেলা হচ্ছে না ভারতীয় তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর। ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে আরব আমিরশাহির আকাশসীমা বন্ধ রয়েছে। এদিকে, ভারত থেকে দুবাই হয়ে ইংল্যান্ডের বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল সিন্ধুর। কিন্তু, দুবাই পৌঁছে তিনি জানতে পারেন আমিরশাহির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলে, ইংল্যান্ডগামী কোনও বিমান পাচ্ছেন না তিনি। এখনও দুবাইতে আটকে রয়েছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড়। আজ থেকে শুরু হচ্ছে এই অল ইংল্যান্ড ওপেন। তার আগে সোমবার পর্যন্ত ইংল্যান্ড যাওয়ার কোনও ব্যবস্থা করে উঠতে পারেননি তিনি। তাই, এই টুর্নামেন্টে খেলার সম্ভবনা ক্রমশ কমছে সিন্ধুর। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র। জানিয়েছেন, সিন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। যদিও এই মুহূর্তে বিষয়টা যে তাঁদের হাতে একেবারেই নেই, সে কথা জানাতেও ভোলেননি তিনি। তবে, বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা জানিয়েছে, প্রয়োজনে তারা ম্যাচের সূচি পাল্টে দেওয়ার একটা চেষ্টা পারে। এই পরিস্থিতিতে ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ বিমল কুমার গোটা সফর বাতিল করে দিয়েছেন।
Advertisement
সোমবার সকালে তাঁর বার্মিংহ্যাম যাওয়ার কথা ছিল। পাশাপাশি, মহিলাদের সিঙ্গলস খেলোয়াড় উন্নতি হুডা বিমানের সূচি বদল করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সিঙ্গাপুর হয়ে বার্মিংহ্যাম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ’রা ইতিমধ্যেই বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছেন। মালবিকা বনসোদ জার্মানি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, সিন্ধুর পক্ষে এই মুহূর্তে সড়কপথেও বার্মিংহ্যামে যাওয়া কার্যত অসম্ভব। ফলে, সবমিলিয়ে অল ইংল্যান্ড ওপেনে সিন্ধুর অংশগ্রহণ করা নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে।
Advertisement
Advertisement



