২০২৪ সালের লোকসভা নির্বাচনের বৈধতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার হায়দরাবাদে তেলঙ্গানা সরকারের সহযোগিতায় আয়োজিত দু’দিনের ‘ভারত সামিট’-এ (Bharat Summit) ভাষণ দিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission) তীব্র আক্রমণ করেন তিনি। রাহুলের অভিযোগ, গত লোকসভা নির্বাচনে যাঁরা ভোট দিয়েছিলেন, কয়েক মাস আগে তাঁদের মধ্যে প্রায় ১৪ কোটি ভোটারকে ‘অস্তিত্বহীন’ অথবা ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে কমিশন। তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশন যদি ১৪ কোটি ভোটারকে অবৈধ বলে ঘোষণা করে, তবে সেই নির্বাচন বৈধ হয় কী ভাবে?
১৪ কোটি ভোটারের প্রশ্ন
এ দিন হায়দরাবাদের মঞ্চে দাঁড়িয়ে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ। রাহুল বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে ১৪ কোটি মানুষ ভোট দিয়েছিলেন, কয়েক মাস আগে তাঁদের ‘অস্তিত্বহীন ভোটার’ বা ‘নন-ভোটার’ (non-voters) হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশের মোট ভোটারের প্রায় ১৩ শতাংশ, অর্থাৎ ১৪ কোটি মানুষকে যদি কমিশন অবৈধ বলে দেগে দেয়, তা হলে ওই নির্বাচনের বৈধতা কোথায় থাকে?
#WATCH | Hyderabad, Telangana: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, “140 million people who voted in the 2024 Lok Sabha election were declared as either non-existent voters or non-voters a few months ago… If the election commission has declared 140 million voters illegal non-voters, then how is that election possibly legitimate? We have an example in Maharashtra where we have a national election; our alliance fights, wins the national election. Three months later, we are decimated… We start looking into the details, and we find that we get the exact same votes in both elections. 7 million new voters are added in three months, and every single one of those 7 million voters votes for the BJP, and they win the election…”
— ANI (@ANI) November 14, 2026
উল্লেখ্য, সাম্প্রতিক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক চলছে। এ দিন নাম না করে সেই প্রসঙ্গ টেনেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। পাশাপাশি, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনেও তিনি অভিযোগ করেন, লোকসভা ও বিধানসভা নির্বাচনের মাঝের তিন মাসে সেখানে রহস্যজনক ভাবে ৭০ লক্ষ নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছিল।
২০১৪ সাল থেকে গণতন্ত্রের ক্ষয় শুরু!
দেশের নির্বাচনী ব্যবস্থার পরিবর্তনের সূত্রপাত হিসেবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনকে চিহ্নিত করেছেন রাহুল গান্ধী। তাঁর মতে, ভারতের গণতন্ত্রের অবক্ষয় শুরু হয়েছে সে বছর থেকেই। রাহুলের কথায়, ২০১৪ সালে আমরা সম্পূর্ণ নতুন ধরনের এক নির্বাচন দেখেছিলাম, যা আগে কখনও দেখিনি। রাজনৈতিক ব্যবস্থার মধ্যে লক্ষ লক্ষ ডলার ঢালা হয়েছিল।
তিনি জানান, এর আগে ভারতের নির্বাচনী রাজনীতিতে হাড্ডাহাড্ডি লড়াই এবং জোট সরকারের সংস্কৃতিই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু অর্থবলের প্রভাবে সেই গোটা কাঠামোটাকেই উল্টে দেওয়া হয়েছে। বিরোধীরা প্রথমে এই আকস্মিক পরিবর্তন বুঝে উঠতে পারেনি এবং গোটা বিষয়টি ঠাহর করতে তাঁদের প্রায় এক দশক সময় লেগে গিয়েছে বলেও স্বীকার করেন তিনি।
বিজেপির সম্পত্তি বৃদ্ধি নিয়ে তোপ
ভাষণের পরের অংশে কর্পোরেট সংস্থা ও রাজনৈতিক ক্ষমতার আঁতাঁতের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani) একযোগে নিশানা করেন রাহুল। বিশ্ব ধনকুবেরদের তালিকায় আদানির উল্কার গতিতে উত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ওই শিল্পপতির স্থান ছিল ৬০০-র আশপাশে। কিন্তু পরে তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তিতে পরিণত হন। কী ভাবে এটা সম্ভব হল? রাজনীতি আর ব্যবসার মিশ্রণে। আদানি এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে, অর্থাৎ ব্যবসা ও রাজনীতির মধ্যে যে সীমারেখা ছিল, তা এখন সম্পূর্ণ মুছে গিয়েছে।
এর সঙ্গেই বিজেপির আর্থিক বৃদ্ধির প্রসঙ্গটিও জুড়ে দেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, গত এক দশকে বিজেপির সম্পত্তির পরিমাণ ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার এককেন্দ্রীকরণের ফলেই শাসক দলের কোষাগার এ ভাবে ফুলেফেঁপে উঠেছে বলে দাবি করেন তিনি।




