• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

পাকিস্তানের ৩৩৭ রান তাড়া করে শেষ বলে এশিয়া কাপ জয় ভারতের, ফাইনালে রুদ্ধশ্বাস নাটক

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মুকুট উঠল ভারতের মাথায়। ম্যাচের সেরা মোহিত উলভা, আর প্রতিযোগিতার সেরা

পাকিস্তানের ৩৩৭ রান তাড়া করে শেষ বলে এশিয়া কাপ জয় ভারতের, ফাইনালে রুদ্ধশ্বাস নাটক

Mohit Ulva. Man Of The Final. Pic BCCI X

একেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনাল। তার ওপর ভারত-পাকিস্তান দ্বৈরথ। এই লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করল ভারতীয় যুব দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ৩৩৭ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করে এক উইকেটে জিতল ভারত। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলে চ্যাম্পিয়ন হল তারা। টেল এন্ডার মোহিত উলভার অপরাজিত ৪৯ রানের ইনিংসই ম্যাচের রং বদলে দেয়।

ম্যাচের শেষ দিকে যখন পাকিস্তান প্রায় ধরেই নিয়েছিল, তারা ম্যাচ জিততে চলেছে, তখন ভারতীয় টেল এন্ডারদের দাপটে ম্যাচ বের করে নেয় ভারত। গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তান হারিয়ে দিয়েছিল ভারতকে। ফাইনালে সেই হারের বদলা নিয়ে নিলেন আর্য্যবীররা।

এ দিন ভারতের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অর্যবীর শেহওয়াগ ও অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। প্রথম উইকেটে ১০৬ বলে ৯৫ রান যোগ করেন তাঁরা। ৬১ বলে ৫৮ রান করে আউট হন অর্যবীর। পাকিস্তানের বোলার আলি রাজার একটি বল তাঁর ডান কনুইয়ে আঘাত করেছিল। ব্যথা নিয়েই ব্যাট চালিয়ে যান তিনি। প্রতিযোগিতায় এটি ছিল তাঁর চতুর্থ পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

অন্য দিকে, অধিনায়ক লক্ষ্য খেলেন ১০১ বলে ৮০ রানের দায়িত্বশীল ইনিংস। তাঁর ব্যাটে ছিল পাঁচটি চার। তবে আর্য্যবীর ফেরার পরে ভারতীয় ইনিংসে একের পর এক ধাক্কা আসে। ভিকে বিনীত ২৪, অর্জুন রাজপুত ১৬, যশবর্ধন চৌহান ৯ এবং অন্বয় দ্রাবিড় ১৯ রান করে ফিরে যান। ২১৭ রানে ছ’উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত।

India Steal Miracle Win
India Steal Miracle Win

এখান থেকে লড়াই চালিয়ে যান মোহিত ও মানাল চৌহান। ৩২ বলে ৪৭ রান করে মানাল আউট হওয়ার আগে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান। কিন্তু ৩০৯ রানে নবম উইকেট পড়তেই ফের অনিশ্চয়তা তৈরি হয়। শেষ ভরসা হয়ে দাঁড়ান মোহিত উলভা। মাত্র ২৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছয়।

শেষ দুই ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫। প্রথম দু’বলেই একটি ছয় ও চার হাঁকান মোহিত। চতুর্থ বলে ফের চার মারেন চিগুরুপতি ভেঙ্কট। এই ওভারে ১৭ রান তোলেন তাঁরা। ফলে শেষ ওভারে দরকার ছিল আট রান। এই ওভারে কোনো চার-ছয় মারেননি মোহিতরা। একটি করে খুচরো রান নিয়ে পাঁচ রান তোলেন এবং শেষ বলে মোহিত বাউন্ডারি মেরে জয় ছিনিয়ে নেন। ভেঙ্কট ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৫০ ওভারেই ৩৩৯ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।

শেষ দুই ওভারের এই লড়াই নিয়ে মোহিত ম্যাচের শেষে বলেন, ‘শেষ ওভারে ঈশ্বরের ওপর আস্থা ছিল। আমি নিজেকে একজন অলরাউন্ডার বলেই মনে করি। এই প্রতিযোগিতাটা আমার ভাল যায়নি। কিন্তু আমার বিশ্বাস ছিল, আজ আমি দলকে জেতাতে পারব। মানালের (চৌহান) সাহায্য আমার প্রয়োজন ছিল, ও সেই সাহায্য করেছে। আমি জানতাম, আজকের দিনটা আমার। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েই মাঠ ছাড়ব।

১০ নম্বর আমার কাছে খুবই সৌভাগ্যের। কারণ, আমার সব রানই এই জায়গা থেকে এসেছে। আমাদের ব্যাটিংয়ের ওপর বিশ্বাস ছিল, আমরা এই রান তাড়া করে জিততে পারি। উইকেটটা ব্যাটিং সহায়ক ছিল। আমরা নিজেদের বলছিলাম, ওরা যদি এত রান করতে পারে, তা হলে আমরাও পারব’।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে তারা। ওপেনার উসমান খান ১১১ বলে ১০৭ রান করেন। তিন নম্বরে নেমে আবদুল কাদির ৫৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে তাঁদের জুটি থেকে আসে ১৩৫ রান। অধিনায়ক ফারহান ইউসুফও ৬০ বলে ৬৩ রান করেন। ফলে এক সময় বড়সড় রানের দিকে এগোচ্ছিল পাকিস্তান।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল কাব্য পটেল। ১০ ওভারে ৬৮ রান দিয়ে চার উইকেট নেন তিনি। চিগুরুপতি ভেঙ্কট পাঁচ ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানের রান তোলার গতি কিছুটা থামান। তবু ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তুলে ফেলে পাকিস্তান। তবে সেই রানও জেতার জন্য যথেষ্ট হল না।

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মুকুট উঠল ভারতের মাথায়। ম্যাচের সেরা মোহিত উলভা, আর প্রতিযোগিতার সেরা আর্য্যবীর শেহওয়াগ, যিনি এই টুর্নামেন্টে করেছেন ৩৬১ রান। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এইমাত্র যা দেখলাম, তা এখনও বিশ্বাস করতে পারছি না। গায়ে কাঁটা দিচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ হলেই আবেগের পারদ অনেকটা চড়ে যায়। আগের ম্যাচে ওদের বিরুদ্ধে আউট হয়ে গিয়েছিলাম। তাই আজ ঠিক করেছিলাম, হাতে চোট লাগলেও রান করব। ব্যথা হচ্ছিল ঠিকই, কিন্তু জানতাম, ক্রিজে টিকে থাকতে পারলে পাকিস্তানের উপর চাপ বজায় রাখা সম্ভব হবে’।