• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

বছরভর মিলবে ‘বুড়িমা’র দর্শন, কৃষ্ণনগরের মন্দিরে বসছে ২০ কেজির অষ্টধাতুর চরণ

জগদ্ধাত্রী পুজো এলেই কৃষ্ণনগরে ভক্তদের ঢল নামে ‘বুড়িমা’র দর্শনে। বিশালাকার প্রতিমার সামনে পুজো দিতে দূরদূরান্ত থেকে আসেন

বছরভর মিলবে ‘বুড়িমা’র দর্শন, কৃষ্ণনগরের মন্দিরে বসছে ২০ কেজির অষ্টধাতুর চরণ

জগদ্ধাত্রী পুজো এলেই কৃষ্ণনগরে ভক্তদের ঢল নামে ‘বুড়িমা’র দর্শনে। বিশালাকার প্রতিমার সামনে পুজো দিতে দূরদূরান্ত থেকে আসেন অসংখ্য পুণ্যার্থী। কিন্তু পুজোর মরশুম শেষ হলেই মন্দিরে আর থাকে না মায়ের সেই মূর্তি। এতদিন সারা বছর বেদিতে মাথা ঠেকিয়েই আশীর্বাদ নিতে হত ভক্তদের। এবার সেই ব্যবস্থায় বদল আনছে মন্দির কর্তৃপক্ষ। জগদ্ধাত্রী পুজো না থাকলেও সারা বছর ‘বুড়িমা’র চরণে পুজো দিতে পারবেন ভক্তরা।

মন্দিরে স্থাপন করা হচ্ছে অষ্টধাতুর তৈরি চরণদ্বয়। প্রায় ২০ কেজি ওজনের এই চরণ কাঁসার থালার উপর রাখা হবে। আগামী ১৮ নভেম্বর মন্দিরের বাৎসরিক পুজোয় আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন হওয়ার কথা। তারপর থেকেই সারা বছর ওই চরণে পুজো দিতে পারবেন পুণ্যার্থীরা। সকাল ও সন্ধ্যায় নিয়মিত পুজোর আয়োজনও থাকবে।

কেন এই উদ্যোগ? মন্দির কমিটির সদস্যদের বক্তব্য, জগদ্ধাত্রী পুজোর সময় মায়ের বিশালাকার প্রতিমা দর্শনের সুযোগ থাকলেও বছরের বাকি সময়েও বহু ভক্ত মন্দিরে আসেন। এতদিন তাঁদের বেদিতে প্রণাম করেই ফিরে যেতে হত। ভক্তদের সেই চাহিদার কথা মাথায় রেখেই স্থায়ী ভাবে মায়ের চরণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১৮ নভেম্বরের পর থেকে বছরের যে কোনও দিন মন্দিরে এসে চরণে পুজো দিতে পারবেন ভক্তরা।

উল্লেখ্য, জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর বিখ্যাত হলেও কৃষ্ণনগর ও নবদ্বীপের পুজোরও বিশেষ খ্যাতি রয়েছে। কৃষ্ণনগরের ‘বুড়িমা’ তার অন্যতম আকর্ষণ। পুজোর কয়েক দিন বিশালাকার প্রতিমা দেখতে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ।

এক্ষেত্রে নৈহাটির বড়মার মন্দিরের উদাহরণও সামনে আসছে। আগে সেখানে পটচিত্রে পুজো হত। বছরে একবার প্রায় ২১ ফুটের কালীপ্রতিমা প্রতিষ্ঠা করা হত। ২০২৩ সালে তৎকালীন বিধায়ক পার্থ ভৌমিকের উদ্যোগে মন্দিরে সাড়ে চার ফুটের কষ্টিপাথরের স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এখন সারা বছর সেই মূর্তিতেই পুজো ও দর্শনের সুযোগ পান ভক্তরা। এবার কৃষ্ণনগরের ‘বুড়িমা’র মন্দিরেও সারা বছর আরাধনার নতুন ব্যবস্থা চালু হতে চলেছে।