• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

ভারতে ঢুকে সিকিমের আকাশে ২০ মিনিট চক্কর চিনা সামরিক বিমানের: কড়া সতর্কবার্তা বায়ুসেনার, কটাক্ষ কংগ্রেসের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে সিকিমের কাছে প্রায় ২৫ মিনিট ঘোরাফেরা করল চিনা সামরিক বিমান। সতর্কবার্তা পাঠাল ভারতীয় বায়ুসেনা, দাবি ‘আউটলুক’-এর প্রতিবেদনে।

ভারতে ঢুকে সিকিমের আকাশে ২০ মিনিট চক্কর চিনা সামরিক বিমানের: কড়া সতর্কবার্তা বায়ুসেনার, কটাক্ষ কংগ্রেসের

A Chinese military aircraft reportedly entered Indian airspace in Sikkim on November 12

লাদাখ ও অরুণাচল প্রদেশের পর এবার সিকিম সীমান্তেও আকাশসীমা লঙ্ঘন করে বেজিংয়ের নজরদারি চালানোর অভিযোগ উঠল। সংবাদমাধ্যম ‘আউটলুক’-এর (Outlook) একটি এক্সক্লিউসিভ প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি চিনা সামরিক বিমান ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে এবং সিকিমের আকাশে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর কাটে। বিষয়টি নজরে আসতেই চিনা বিমানটিকে অবিলম্বে ভারতীয় বায়ুসেনার (IAF) তরফে কড়া সতর্কবার্তা পাঠানো হয়।

‘আউটলুক’ ম্যাগাজিনের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় বায়ুসেনার সতর্কবার্তা সত্ত্বেও বিমানটি বেশ কিছুক্ষণ ওই এলাকায় ঘোরাফেরা করছিল। তবে বিমানটি ঠিক কোন শ্রেণির (যুদ্ধবিমান না কি নজরদারি বিমান), তার নির্দিষ্ট উড়ানপথ কী ছিল এবং ঠিক কখন সেটি ভারতীয় আকাশসীমা ছেড়ে চিনের দিকে ফিরে গিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এই ঘটনার বিষয়ে ভারতীয় বায়ুসেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

স্পর্শকাতর সিকিম ও শিলিগুড়ি করিডর

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সিকিমের আকাশে চিনা সামরিক বিমানের এই গতিবিধি ভারতের জাতীয় নিরাপত্তার নিরিখে অত্যন্ত উদ্বেগজনক। সিকিমের সঙ্গে চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের দীর্ঘ সীমান্ত রয়েছে। তা ছাড়া, এই এলাকাটি ডোকলাম মালভূমির (Doklam plateau) একেবারে লাগোয়া, যেখানে ২০১৭ সালে ভারত ও চিনের সেনাবাহিনী টানা ৭৩ দিন মুখোমুখি অবস্থানে ছিল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সিকিম সীমান্তের এই অঞ্চলটি ভারতের অত্যন্ত সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডর’ (Siliguri Corridor) বা চিকেনস নেকের ওপর নজরদারির সুযোগ করে দেয়। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে যুক্তকারী এই সংকীর্ণ করিডোরের নিরাপত্তার প্রশ্নে বরাবরই বাড়তি সতর্ক থাকে নয়াদিল্লি।

এই ঘটনায় যথারীতি কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। এক্স পোস্টে বিরোধীর কটাক্ষ, এই ঘটনা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের। আশা করা যায়, এবার নিশ্চয়ই প্রধানমন্ত্রী মোদী চিনকে আর কোনও ছাড় দেবেন না!

সীমান্তে লাগাতার চিনা তৎপরতা

‘আউটলুক’-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত কয়েক দিনে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর চিনা বায়ুসেনার তৎপরতা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। গত ৭ নভেম্বরই চারটি চিনা হেলিকপ্টার লাদাখের আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল এবং তার মধ্যে একটি হেলিকপ্টার প্রায় ৩০ মিনিট ধরে সেখানে চক্কর কেটেছিল। উল্লেখ্য, ২০১৭ সালের জুন মাসেও ডোকলাম সংঘাত শুরু হওয়ার ঠিক তিন মাস আগে দু’টি চিনা সেনা হেলিকপ্টার উত্তরাখণ্ডের চামোলি জেলার আকাশে প্রায় পাঁচ মিনিট ধরে ঘোরাফেরা করেছিল।

সাম্প্রতিক উপগ্রহ চিত্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন রিপোর্টে স্পষ্ট হয়েছে, সিকিমের ঠিক উল্টো দিকে তিব্বতের শিগাৎসে (Shigatse) বিমানঘাঁটিতে চিন ইতিমধ্যেই তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘জে-২০’ (J-20) মোতায়েন করেছে এবং সীমান্তবর্তী বিমানঘাঁটিগুলির পরিকাঠামো দ্রুত মজবুত করছে। পাল্টা কৌশল হিসেবে ভারতও সীমান্ত এলাকায় আকাশপথে নজরদারি ও পরিকাঠামো বাড়িয়েছে। গত সপ্তাহেই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার মাত্র ৩০ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৬২৯ ফুট উচ্চতায় অবস্থিত নিওমা (Nyoma) অগ্রবর্তী বিমানঘাঁটিতে বিশালাকার ‘আইএল-৭৬এমডি’ (IL-76MD বা ‘গজরাজ’) পরিবহণ বিমান সফলভাবে অবতরণ করিয়েছে ভারতীয় বায়ুসেনা।

কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চললেও, সীমান্তে বেজিংয়ের এই বারংবার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নয়াদিল্লির উদ্বেগ যে আরও বাড়িয়ে তুলল, তা বলাই বাহুল্য।