• facebook
  • twitter
Friday, 1 May, 2026

নজির গড়ে বিশ্বকাপ শুটিংয়ে সোনা জিতলেন পলক ও মুকেশ

শুধু সোনা জেতাই নয়, দুরন্ত এক নজির গড়েছেন ভারতীয় এই জুটি। ফাইনালে পলকের স্কোর ২৪৩.০। মুকেশের স্কোর ২৪৪.৭।

বিশ্বকাপ শুটিংয়ে সোনা জিতল ভারতীয় জুটি পলক গুলিয়া ও মুকেশ নেলাভাল্লি। গ্রানাডায় আয়োজিত বিশ্বকাপ শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সোনা জিতেছেন তাঁরা। শুধু সোনা জেতাই নয়, বিশ্বরেকর্ডও গড়েছেন ভারতের এই জুটি। ফাইনালে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন চিনের জুটি কাই হু ও কিয়ানসুন ইয়াওকে হারিয়ে এদিন সোনা জিতলেন পলক গুলিয়া ও মুকেশ নেলাভাল্লি। এই প্রসঙ্গে বলা যায়, এবারই প্রথম সিনিয়র পর্যায়ে খেললেন মুকেশ। এর আগে ২০২৪ সালে ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সম্প্রতি, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতাতেও মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এদিন ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ২৯৪ পয়েন্ট স্কোর করেন মুকেশ। অন্যদিকে, যোগ্যতা অর্জনপর্বে ২৮৭ পয়েন্ট পেয়েছিলেন পলক। যোগ্যতা অর্জনপর্বে চিনা জুটির ঠিক পিছনেই ছিলেন তাঁরা। এর ঘন্টা খানেকের যধ্যেই ফাইনালে সেই চিনা জুটিকে হারিয়ে সোনা জিতলেন পলক ও মুকেশ জুটি।

তবে, শুধু সোনা জেতাই নয়, দুরন্ত এক নজির গড়েছেন ভারতীয় এই জুটি। ফাইনালে পলকের স্কোর ২৪৩.০। মুকেশের স্কোর ২৪৪.৭। জুটিতে ৪৮৭.৭ পয়েন্ট স্কোর করেছেন তাঁরা। যা বিশ্বকাপের মিক্সড ইভেন্টে এই প্রথম। আসলে, বর্তমানে শুটিং বিশ্বকাপের মিক্সড টিম ইভেন্টে ফাইনালের ছাড়পত্র পায় মোট চারটি জুটি। সেখানে প্রথম তিনটি রাউন্ড শেষে একটি জুটি বাদ যায়। পরবর্তীকালে, তিনটি জুটিকে নিয়ে হয় ফাইনাল রাউন্ড। সেখানে শীর্ষে থাকা জুটি চ্যাম্পিয়ন হয়।

Advertisement

প্রথমবার সিনিয়র পর্যায়ে খেলতে নেমে স্বাভাবিকভাবেই উচ্ছসিত মুকেশ। ম্যাচ শেষে তিনি বলেন, ভারতের হয়ে সিনিয়র স্তরে এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানে স্নায়ুর চাপ সামলে রেখে নিজের সেরাটা দিতে পেরে তিনি যে খুব খুশি, তা জানাতেও ভুললেন না তিনি। একইসঙ্গে মুকেশ আরও বলেন, তিনি আর পলক নিজেদের মধ্যে কে বেশি স্কোর করতে পারে সেই নিয়ে প্রতিযোগিতা করছিলেন। অন্যদিকে, সোনা জিতে সতীর্থ মুকেশকেই কৃতিত্ব দিলেন পলক। জানালেন, মিক্সড ইভেন্টে জুটির মধ্যে বোঝাপড়াটাই আসল। নতুন ফরম্যাটে চারটে দল ফাইনালে খেলে। ফলে লড়াই আরও কঠিন হয়ে যায়। এজন্য, শুরুটা ভাল হওয়া জরুরি ছিল বলে মনে করছেন পলক। পাশাপাশি সতীর্থ মুকেশকে ধন্যবাদ জানিয়ে হরিয়ানার এই শুটার বলেন, মুকেশ তাঁর কাজটা সহজ করে দিয়েছিল।

Advertisement

Advertisement