• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

এমবাপের জোড়া গোলে উড়ে গোল সুইডেন, দাপুটে জয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মঙ্গলবার শেষ ৩২-এর রাউন্ডে সুইডেনকে ৩-০ গোলে কার্যত উড়িয়ে দিয়ে অনায়াসেই শেষ ষোলোয় জায়গা করে নিল দিদিয়ের দেশঁর দল

এমবাপের জোড়া গোলে উড়ে গোল সুইডেন, দাপুটে জয়ে শেষ ষোলোয় ফ্রান্স

Photo: Representational Image

ব্রাজিলকে শেষ মুহূর্তের গোলে জিতে শেষ ১৬-য় জায়গা করে নিতে হয়েছে। জার্মানি, নেদারল্যান্ডস তো শেষ ৩২-এর গণ্ডী টপকাতেই পারেনি। কিন্তু ফ্রান্সকে কোনও ভাবেই আটকানো যাচ্ছে না। তারা যে এ বারের বিশ্বকাপের অন্যতম দাবিদার, তা আরও একবার প্রমাণ করল ফ্রান্স।

মঙ্গলবার শেষ ৩২-এর রাউন্ডে সুইডেনকে ৩-০ গোলে কার্যত উড়িয়ে দিয়ে অনায়াসেই শেষ ষোলোয় জায়গা করে নিল দিদিয়ের দেশঁর দল। ম্যাচের নায়ক সেই অধিনায়ক কিলিয়ান এমবাপে। তাঁর জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা।

এ দিন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই বলের দখল ও সুযোগ তৈরিতে সুইডেনকে কার্যত চাপে রেখে দেয় ফ্রান্স। গ্রুপ-পর্বে নিখুঁত পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে প্রথমার্ধেই অনবদ্য আক্রমণাত্মক পারফরম্যান্স দেখায় তারা।১৯৯৮ ও ২০১৮-র বিশ্বচ্যাম্পিয়নরা বিরতির আগেই সুইডেনের গোলে মোট ১৫টি শট নেয়। এর মধ্যে কিলিয়ান এমবাপের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে মাইকেল অলিসের দুর্দান্ত কিকও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, বল সজোরে গিয়ে লাগে গোলপোস্টে।তাদের এই অবিরাম আক্রমণের ফল পাওয়া যায় বিরতির ঠিক আগে, ৪৫ মিনিটের মাথায়। বাঁ দিক থেকে নেওয়া একটি ছোট কর্নারে বল পেয়ে এমবাপে দুরন্ত গতিতে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। এর পর তাঁর শক্তিশালী শট তীব্র বেগে উড়ে গিয়ে জড়িয়ে যায় জালে।

বিরতির পরও সুইডেনের ওপর থেকে একটুও চাপ কমায়নি ফ্রান্স। একের পর এক আক্রমণে সুইডিশ রক্ষণকে ব্যস্ত রাখে ফরাসিরা। ৫৩তম মিনিটে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে পেনাল্টি বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন ব্র্যাডলি বারকোলা।

সুইডেনের গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রম দুর্দান্ত কয়েকটি সেভ করে জুল কুন্ডে ও অলিসের গোল করার মরিয়া চেষ্টা ব্যর্থ করে দেন।
তবে ম্যাচের ৭৪তম মিনিটে ফের অলিসের অসাধারণ অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের ১০ নম্বর জার্সির মালিক নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা পৌঁছে দেন ছয়ে।

এ দিন পরিসংখ্যানেও ছিল ফ্রান্সের সম্পূর্ণ আধিপত্য। গোটা ম্যাচে ফরাসিরা ২৫টি শট নেয়, যেখানে সুইডেনের শট ছিল মাত্র ৭টি। মাইকেল অলিসে তিনটি গোলের প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং চলতি বিশ্বকাপে তাঁর অ্যাসিস্ট সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।

এবার শেষ ষোলোয় ৪ জুলাই ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নিতে পারেন ফরাসি অধিনায়ক। ফলে সোনার বুটের লড়াইয়ে তিনি এ বার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লিওনেল মেসিকে।