• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

মাদ্রিদের বিমান তৈরি থাকা সত্ত্বেও এমবাপেকে ছাড়লেন না জিদান! কিলি-জিজু সংঘাত নিয়ে বাড়ছে অস্বস্তি, ইয়ামালকে নিয়ে বিতর্কে স্প্যানিশ কোচও

আজ রাতে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে না। তবে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে খেলানোর

মাদ্রিদের বিমান তৈরি থাকা সত্ত্বেও এমবাপেকে ছাড়লেন না জিদান! কিলি-জিজু সংঘাত নিয়ে বাড়ছে অস্বস্তি, ইয়ামালকে নিয়ে বিতর্কে স্প্যানিশ কোচও

Zidane-Mbappe Photo-SNS

চোটের কারণে ইতালির বিরুদ্ধে খেলবেন না এমবাপে, তবু তাঁকে ক্লাবে ফেরার অনুমতি দিলেন না ফ্রান্সের কোচ। ফ্রান্সের জার্সিতে খেলতে গিয়ে চোট পেয়েছেন কিলিয়ান এমবাপে। কিন্তু চোটের চেয়েও বেশি আলোচনা এখন তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে।

রিয়াল মাদ্রিদে ফিরে যাওয়ার জন্য নাকি ব্যক্তিগত বিমানও তৈরি ছিল এমবাপের। কিন্তু ফ্রান্সের কোচ জিনেদিন জিদান তাঁকে আটকে দেন, শিবির ছাড়ার অনুমতি দেননি। ফলে ইতালির বিরুদ্ধে খেলতে না পারলেও দলের সঙ্গেই মিলানে যেতে হয়েছে ফরাসি অধিনায়ককে। এই সিদ্ধান্তে দু’জনের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে বলে দাবি স্পেনের সংবাদমাধ্যমের।

এক স্প্যানিশ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের অনুশীলনে যোগ দেননি এমবাপে। প্রথমে তাঁকে চিকিৎসা নিতে দেখা যায়। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি রয়েছে তাঁর। ফলে বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়ে রাত ১.১৫) উয়েফা নেশনস লিগে ইতালির বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। কিন্তু চোটের কারণে দেশে ফেরার বদলে দলের সঙ্গেই থেকে গিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা।

এমবাপের চোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন জিদান। ফ্রান্সের কোচ বলেন, ‘হ্যাঁ, কিলিয়ান কাল খেলতে পারবে না। ও সামান্য ব্যথা অনুভব করেছে। আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। কোনও ফুটবলারকে হারানো দুর্ভাগ্যজনক, কিন্তু খেলায় এ রকম হয়। আশা করি, চোট গুরুতর নয় এবং রবিবার ও ফিরতে পারবে। কিলিয়ানের ক্ষেত্রে এটা সামান্য অস্বস্তি। রবিবার ওর খেলার কথা’।

এমবাপের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠেছিল। জিদানের বক্তব্য, ‘আমার মনে হয় ওর মন ভাল আছে। তার প্রমাণ, ও আমাদের সঙ্গেই রয়েছে। ও অবশ্য খুশি নয়, কারণ কাল খেলতে চেয়েছিল। কিন্তু কোনও সমস্যা দেখা দিলে আমরা ঝুঁকি নিই না। মরসুম এখনও অনেক লম্বা। সামান্য সমস্যা থাকলেও আমি এ ভাবেই সিদ্ধান্ত নিই’।

স্পেনের সাংবাদিক মার্কোস বেনিতো টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’-তে দাবি করেছেন, এমবাপে নিজেও রিয়ালে ফিরে যাওয়ার কথা ভেবেছিলেন। রিয়াল মাদ্রিদের চিকিৎসকদের সঙ্গে তাঁর নাকি এমন বোঝাপড়া রয়েছে যে, সামান্য শারীরিক সমস্যা দেখা দিলেও তিনি স্পেনে ফিরে যান।

বেনিতোর কথায়, ‘এমবাপে ফিরে যাওয়ার কথা ভেবেছিল। ও চিন্তিত। রিয়াল মাদ্রিদের চিকিৎসক দলের সঙ্গে ওর চুক্তি ছিল, সামান্য শারীরিক সমস্যা দেখা দিলেই ও স্পেনে ফিরে যাবে’।

এর পরেই আরও বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, ‘আশ্চর্যের বিষয়, চোট থাকা সত্ত্বেও জিদান ওকে রেখে দিয়েছেন, রবিবারের ম্যাচের আগে ওর শারীরিক অবস্থা দেখতে চান। প্যারিসে ওর জন্য ব্যক্তিগত বিমান তৈরি ছিল, যা ওকে মাদ্রিদে নিয়ে যাওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত দলের সঙ্গে মিলানে যেতে হয়েছে ওকে। এই ঘটনা দু’জনের মধ্যে উত্তেজনা তৈরি করছে’।

শুধু চোট নয়, জিদানের দল বাছাইয়ের নীতি নিয়েও নাকি অসন্তুষ্ট এমবাপে। ফ্রান্সের প্রথম শিবিরে জিদান তাঁকে বাঁ প্রান্তে খেলিয়েছিলেন। আক্রমণের মাঝখানে দায়িত্ব দিয়েছিলেন উসমান দেম্বেলেকে। অথচ এমবাপে এখন রিয়ালে মূলত স্ট্রাইকার হিসাবে খেলতে পছন্দ করেন। ফলে মাঠে তাঁর ভূমিকা নিয়েও দু’জনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে দাবি প্রতিবেদনে।

এমবাপে ইতালির বিরুদ্ধে খেলবেন না। তবে রবিবার তুরস্কের বিরুদ্ধে তাঁকে পাওয়ার আশা করছেন জিদান। চোট কতটা সারে, তার উপরই নির্ভর করছে তাঁর মাঠে ফেরা। আপাতত ফ্রান্স শিবিরে নজর শুধু এমবাপের ফিটনেসে নয়, কোচ ও অধিনায়কের সম্পর্ক কোন দিকে গড়ায়, সেদিকেও।

ইয়ামালকে বাড়তি সুবিধা কেন দেব? প্রশ্ন স্পেন কোচের

এদিকে এমবাপের মতোই অবস্থা লামিনে ইয়ামালেরও। হাঁটুর চোটের কারণে উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলবেন না বার্সেলোনার তারকা। দলের সঙ্গে প্রাগে না গিয়ে বার্সেলোনাতেই চিকিৎসা করাচ্ছেন তিনি। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ লুই দে লা ফুয়েন্তে।

অভিযোগ উঠছে, তরুণ তারকাকে বিশেষ সুবিধা দিচ্ছে স্পেনের ফুটবল ফেডারেশন। তবে সেই অভিযোগ উড়িয়ে দিলেন দে লা ফুয়েন্তে। তাঁর স্পষ্ট বক্তব্য, ইয়ামালের জন্য আলাদা কোনও নিয়ম নেই। অন্য কোনও ফুটবলার একই পরিস্থিতিতে পড়লেও একই সিদ্ধান্ত নেওয়া হত।

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁকে সুস্থ করে তোলাই এখন স্পেনের লক্ষ্য। তাই দলের সঙ্গে প্রাগে না পাঠিয়ে বার্সেলোনাতেই চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে তাঁর। বার্সেলোনার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন দে লা ফুয়েন্তে।

বুধবার সাংবাদিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করে স্পেনের কোচ বলেন, ‘লমিনের কোনও বিশেষ সুবিধা নেই। দলের অন্য ফুটবলারদেরও আমরা একই ভাবে দেখি। বার্সেলোনার বিরুদ্ধে শেষ ম্যাচে ওর হাঁটুতে চোট লাগে। বার্সেলোনায় এমআরআই করানো হয়েছিল। তাতে হাঁটুতে প্রদাহ এবং তরল জমার বিষয়টি ধরা পড়ে। বিশ্রাম দেওয়াই তখন সবচেয়ে যুক্তিযুক্ত বলে মনে হয়েছিল’।

দে লা ফুয়েন্তে আরও জানান, বার্সেলোনার চিকিৎসক দলের সঙ্গে স্পেনের সম্পর্ক অত্যন্ত ভাল। তাঁর কথায়, ‘এই সফর এড়ানোর জন্য এবং এখানে এসে চিকিৎসা করানোর বদলে ও যাতে ক্লাবের সঙ্গে থেকেই সুস্থ হতে পারে, সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিকেল ওইয়ারসাবালের ক্ষেত্রেও’।

আজ রাতে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে না। তবে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে খেলানোর আশা ছাড়ছেন না দে লা ফুয়েন্তে। একই সঙ্গে ওইয়ারসাবালেরও দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নেশনস লিগের গ্রুপে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের থেকে তিন পয়েন্টে এগিয়ে তারা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও দলের জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই এখন দে লা ফুয়েন্তের লক্ষ্য।