উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণ। দলিত ও সংখ্যালঘু ভোটকে এক ছাতার তলায় আনতে হাত মেলালেন আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদ। বৃহস্পতিবার লখনউয়ে যৌথ সাংবাদিক বৈঠক করে নিজেদের জোটের কথা ঘোষণা করলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ওয়েইসি এবং আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) সভাপতি চন্দ্রশেখর। নতুন জোটের নাম ‘সামাজিক পরিবর্তন মোর্চা’।
২০২৭-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দল। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখরের নামও ঘোষণা করা হয়েছে। দুই নেতার বক্তব্য, দলিত, সংখ্যালঘু, যুবসমাজ, কৃষক এবং সমাজের অন্যান্য প্রান্তিক মানুষের অধিকার রক্ষাই তাঁদের জোটের মূল লক্ষ্য। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে উত্তরপ্রদেশের মানুষের সামনে নতুন রাজনৈতিক বিকল্প তুলে ধরতে চান তাঁরা।
ওয়েইসি জানিয়েছেন, বিরোধী জোটে জায়গা পেতে সমাজবাদী পার্টি বা সপা এবং কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য ২ অক্টোবর পর্যন্ত সময়ও দিয়েছিলেন। কিন্তু কোনও ইতিবাচক সাড়া না মেলায় চন্দ্রশেখরের দলের সঙ্গে জোটের সিদ্ধান্ত। উত্তরপ্রদেশের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মুসলিম এবং ২১ শতাংশ দলিত।
এই দুই সম্প্রদায়ের ভোট একজোট করতে পারলে নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে। বিশেষ করে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ভোটের অঙ্কে প্রভাব পড়ার আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলিত ও সংখ্যালঘুদের একাংশের সমর্থনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৭টিতে জিতেছিল সপা। কংগ্রেস পেয়েছিল ৬ টি আসন। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৩৩টি।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে ২৫৫টি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছিল বিজেপি। সপা পেয়েছিল ১১১টি আসন। সে বার সপা-র সঙ্গে ছিল জয়ন্ত চৌধরির রাষ্ট্রীয় লোকদল এবং ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। বর্তমানে দুই দলই বিজেপির শরিক। এই পরিস্থিতিতে ওয়েইসি-চন্দ্রশেখরের জোট বিরোধী শিবিরের ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
যদিও সপা নেতা অবধেশ প্রসাদ ও কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ নতুন জোটের রাজনৈতিক গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপিও জোটটিকে গুরুত্ব দিতে নারাজ। আগামী ২৬ নভেম্বর যৌথ জনসভা করার কথা সামাজিক পরিবর্তন মোর্চার।




