• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

বাজি পোড়ালে পরিবেশ বিশুদ্ধ হত, কীটপতঙ্গ মরত! দেওয়ালির রীতির ‘বৈজ্ঞানিক ব্যাখ্যা’ দিলেন মোহন ভাগবত

কালীপুজো ও দেওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই প্রাচীন ঐতিহ্যের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের

বাজি পোড়ালে পরিবেশ বিশুদ্ধ হত, কীটপতঙ্গ মরত! দেওয়ালির রীতির ‘বৈজ্ঞানিক ব্যাখ্যা’ দিলেন মোহন ভাগবত

কালীপুজো ও দেওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই প্রাচীন ঐতিহ্যের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, অতীতে বাজি পোড়ানোর পিছনে ছিল নির্দিষ্ট বৈজ্ঞানিক যুক্তি। সেই সময় বাজি তৈরিতে যে উপাদান ব্যবহার করা হত, তা পরিবেশকে বিশুদ্ধ করতে সাহায্য করত। এমনকী বাজির ধোঁয়ায় ক্ষতিকর কীটপতঙ্গও মারা যেত। কিন্তু সময়ের সঙ্গে বাজি তৈরির উপাদান বদলে গিয়েছে। বুধবার নাগপুরে ‘দীপাবলি মিলন উৎসব’-এ যোগ দিয়ে এমনই মন্তব্য করেন সংঘপ্রধান। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

দেশের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখনই বাজি পোড়ানোর প্রাচীন রীতির পক্ষে যুক্তি তুলে ধরেছেন ভাগবত। দিল্লি, মুম্বই-সহ একাধিক শহরে দেওয়ালির পর বাতাসের গুণগত মানের অবনতি হয়েছে। শব্দবাজি ও নিষিদ্ধ বাজি পোড়ানো নিয়েও উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে নাগপুরের অনুষ্ঠানে সংঘপ্রধান বলেন, অতীতে বাজি তৈরিতে এমন কিছু উপাদান ব্যবহার করা হত, যা কীটনাশকের মতো কাজ করত। বিশেষ করে ফসল তোলার মরসুমে ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণে সেগুলি কার্যকর ছিল বলে তাঁর দাবি।

ভাগবতের কথায়, ‘‘এখন যে ধরনের রাসায়নিক উপাদান দিয়ে বাজি তৈরি করা হয়, আগে তা হত না। আগে বাজির ধোঁয়ায় অনেক ক্ষতিকর কীটপতঙ্গ মরে যেত। বিশেষ করে ফসল তোলার এই মরসুমে বাজি বিশেষ কার্যকর ছিল। এর মাধ্যমে পরিবেশ শুদ্ধ হত।’’

অর্থাৎ, সংঘপ্রধানের বক্তব্য অনুযায়ী, অতীতে বাজি পোড়ানোর সঙ্গে শুধু উৎসবের আনন্দ জড়িয়ে ছিল না, তার পিছনে ছিল কৃষি ও পরিবেশ সংক্রান্ত কিছু উদ্দেশ্যও। তবে বর্তমানে বাজি তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানের পরিবর্তনের ফলে সেই পরিস্থিতি আর নেই বলেই মনে করেন তিনি।

শুধু বাজি নয়, কালীপুজোয় প্রদীপ জ্বালানোর প্রাচীন রীতিরও ব্যাখ্যা দিয়েছেন ভাগবত। তাঁর দাবি, ঘি ও তেল দিয়ে প্রদীপ জ্বালানোর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। প্রদীপের মাধ্যমে পরিবেশে বিশেষ ধরনের বাতাসের স্তর তৈরি হয় বলে মন্তব্য করেছেন তিনি। প্রাচীন ভারতীয় রীতিনীতির নেপথ্যে থাকা তাৎপর্য না বুঝে সেগুলিকে বিচার করা উচিত নয় বলেও বার্তা দিয়েছেন সংঘপ্রধান।

ঐতিহ্যবাহী প্রথাগুলির প্রকৃত তাৎপর্য বুঝে উৎসব পালনের উপর জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, প্রাচীন রীতিনীতির পিছনে থাকা উদ্দেশ্য উপলব্ধি করতে পারলে মানুষ এবং পরিবেশ—উভয়েরই উপকার হতে পারে। একই সঙ্গে উৎসবকে সমাজজীবনের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছেন ভাগবত। তাঁর বক্তব্য, উৎসব সমাজকে প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ রাখে। তাই বিরোধিতা বা বাধা দিয়ে উৎসব বন্ধ করা সম্ভব নয়। বরং সঠিক মনোভাব নিয়ে উৎসব পালন করাই জরুরি।

ভাগবতের কথায়, ‘‘সমাজকে চাঙ্গা করে রাখে উৎসব। যে যতই চেষ্টা করুক, এগুলো বন্ধ হবে না। আমাদের শুধু সঠিক মনোভাব নিয়ে উৎসব পালন করতে হবে। সেটা গুরুত্বপূর্ণ।’’

উল্লেখ্য, কালীপুজো ও দেওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক বিধিনিষেধ রয়েছে। শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে আদালতও নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে। পরিবেশবান্ধব সবুজ বাজি পোড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ, সেই নির্দেশিকা অমান্য করেই দেশের বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ বাজি এবং শব্দবাজি ফাটানো হয়েছে। তার প্রভাব পড়েছে বাতাসের গুণগত মানে। বিশেষ করে দিল্লির মতো শহরে উৎসবের পর দূষণের মাত্রা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এরই মধ্যে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বাজি পোড়ানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। তাঁর দাবি ছিল, বাজি ফাটালে অসুখবিসুখ সেরে যায়। সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে কম বিতর্ক হয়নি। এ বার বাজি পোড়ানোর প্রাচীন রীতির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন খোদ আরএসএস প্রধান।

এক দিকে পরিবেশদূষণ নিয়ন্ত্রণের প্রশ্ন, অন্য দিকে ধর্মীয় ঐতিহ্য ও উৎসবের রীতি—দুইয়ের টানাপড়েনের মধ্যেই ভাগবতের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে অতীতে বাজির উপাদান পরিবেশকে বিশুদ্ধ করত বা প্রদীপ জ্বালালে বাতাসের বিশেষ স্তর তৈরি হয়—এগুলি সংঘপ্রধানের বক্তব্য ও দাবি। বর্তমান সময়ে বাজি পোড়ানোর পরিবেশগত প্রভাব নিয়ে যে উদ্বেগ রয়েছে, তার সঙ্গে এই দাবিগুলিকে এক করে দেখার সুযোগ নেই।