• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

ওয়ান ডে সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন কাল থেকে শ্রেয়স আইয়ারের হাতে

অন্য দিকে, নিজের বোলিংয়ের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী অকিব নবি। তাঁর বক্তব্য, ‘বোলিংয়ে গতি থাকলে অবশ্যই ভাল। কিন্তু আমি নিজের

ওয়ান ডে সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন কাল থেকে শ্রেয়স আইয়ারের হাতে

Virat Kohli In Net Photo-SNS

হ্যামিল্টনে তৃতীয় এক দিনের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভারত নিশ্চিত করে ফেলেছে সিরিজ তারা হারছে না। তাই বলে সিরিজ জয় এখনও নিশ্চিত হয়নি। এ বার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ম্যাচে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নামবে ভারত।

পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। শেষ দুই ম্যাচে হারলে সিরিজ ড্র-ও হতে পারে। তাই শুক্রবারের ম্যাচে লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। অন্য দিকে, নিউজিল্যান্ড যে এই সিরিজে জিততে পারবে না, তাও নিশ্চিত হয়ে গিয়েছে। তাদের সামনে এখন সিরিজে সমতা ফেরানোর একমাত্র রাস্তা বাকি দু’টি ম্যাচ জেতা।

এই পরিস্থিতিতে ভারতের নেতৃত্বে এই পরিবর্তনের সঙ্গে বদলাচ্ছে দলের চেহারাও। টেস্ট সিরিজের প্রস্তুতিতে ফিরে গিয়েছেন শুভমান গিল, কে এল রাহুল এবং অংশুল কম্বোজ। তাঁদের সঙ্গে কোচিং স্টাফের কয়েক জন সদস্যও টেস্ট দলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন। ফলে ব্যাটিংয়ের নতুন সমীকরণ তৈরি করতে হবে ভারতকে। সুযোগ পেতে পারেন ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড় এবং তিলক বর্মা।

গিলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন ইশান। উইকেটকিপারের দায়িত্বও সামলানোর কথা তাঁর। রাহুল না থাকায় মিডল অর্ডারে জায়গা পেতে পারেন ঋতুরাজ অথবা তিলক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসাবেও নিজেকে প্রমাণ করার সুযোগ শ্রেয়সের সামনে।

বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিন পর ওয়ান ডে দলে ফিরতে পারেন মহম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বার ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ভাল বল করা অকিব নবি এবং অর্শদীপ সিংয়ের দলে থাকা প্রায় নিশ্চিত।

নিউজিল্যান্ডের দলেও একাধিক বদল আসতে চলেছে। টেস্ট সিরিজের প্রস্তুতিতে এক দিনের দল ছেড়েছেন টম লাথাম-সহ নিয়মিত কয়েক জন ক্রিকেটার। নতুন করে দলে এসেছেন ফিন অ্যালেন, মিচ হে, ডিন ফক্সক্রফ্ট এবং ব্রেট র‌্যান্ডেল। চোট সারিয়ে ম্যাট হেনরির ফেরার সম্ভাবনাও রয়েছে। তবে ব্লেয়ার টিকনার খেলতে পারবেন না।

ম্যাচের আগের দিন ভারতের তরুণ পেসারদের প্রশংসা শোনা গেল নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্টের মুখে। তিনি বলেন, ‘ভারতীয় বোলারদের কৃতিত্ব দিতেই হবে। নিউজিল্যান্ডে এসে ওরা এখানকার পরিবেশের সঙ্গে খুব ভাল ভাবে মানিয়ে নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে যে দলের বিরুদ্ধেই খেলো না কেন, পিচ এবং প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। ওরা সেটা দারুণ ভাবে করেছে’।

অন্য দিকে, নিজের বোলিংয়ের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী অকিব নবি। তাঁর বক্তব্য, ‘বোলিংয়ে গতি থাকলে অবশ্যই ভাল। কিন্তু আমি নিজের দক্ষতার উপর ভরসা রাখি। এত দূর এসেছি মূলত দক্ষতার জোরেই। এই উইকেটে ও পরিবেশে গতি বাড়তি সুবিধা দিতে পারে, তবে আমার ভরসা নিজের স্কিল। ঘরোয়া ক্রিকেটে যা করেছি, আন্তর্জাতিক স্তরেও তা কাজে লাগবে’।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় শুরু হবে চতুর্থ এক দিনের ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস আপাতত স্বস্তির। তবে এই মাঠে সাম্প্রতিক এক দিনের ম্যাচগুলির পরিসংখ্যান বলছে, পিচে সাহায্য পেতে পারেন বোলাররা। ২০২০-র ফেব্রুয়ারির পর এই মাঠে কোনও দল ৩০০ রানের গণ্ডি পার করতে পারেনি।