নিউজিল্যান্ডের মাটিতে ভারতের তরুণ পেসারদের দাপট দেখে অবাক প্রতিপক্ষ শিবির। অর্শদীপ সিং-এর পাশাপাশি অংশুল কম্বোজ, গুরনুর ব্রার এবং অকিব নবির বোলিংয়ের প্রশংসা করলেন টিম সাইফার্ট (Tim Seifert)। জানালেন, একে অপরের থেকে আলাদা হলেও দল হিসাবে দারুণ সফল ভারতের পেস আক্রমণ।
নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা সহজ নয়। বিশেষ করে সেখানকার পিচে বলের সুইং এবং বাউন্স সামলানো ব্যাটারদের কাছে বড় পরীক্ষা। কিন্তু সেই কঠিন কাজটাই করে দেখাচ্ছেন ভারতের তরুণ পেসারেরা। তাঁদের বোলিংয়ে কার্যত দিশাহারা নিউজিল্যান্ডের ব্যাটিং। এ বার প্রতিপক্ষের বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হলেন কিউয়ি উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্ট (Tim Seifert)।
ভারতের পেস আক্রমণে রয়েছেন বাঁহাতি অর্শদীপ সিং এবং তুলনায় কম অভিজ্ঞ অংশুল কম্বোজ, গুরনুর ব্রার ও অকিব নবি। তাঁদের সম্মিলিত বোলিংয়ের দাপটে প্রথম দু’টি এক দিনের ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়েছে যথাক্রমে ১৮৫ এবং ১৩৪ রানে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।
‘প্রত্যেকের বোলিংয়ের ধরন আলাদা’
চতুর্থ এক দিনের ম্যাচের আগে ভারতের পেসারদের প্রশংসা করে সাইফার্ট (Tim Seifert) বলেন, ‘সত্যি বলতে, ওরা প্রত্যেকেই খুব ভাল বল করে। প্রত্যেকের বোলিংয়ের ধরন আলাদা। অর্শদীপ বাঁহাতি বোলার, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় কথা, ওরা দল হিসাবে খুব ভাল বল করছে। প্রত্যেকে আলাদা কিছু করার চেষ্টা করছে। গত দু’টি ম্যাচে যে পিচে খেলা হয়েছে, সেখানে ওরা খুব বেশি ভুল করেনি। দল হিসাবে দারুণ কাজ করেছে’।
ভারতের পেসারদের অভিজ্ঞতা তুলনায় কম হলেও নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন ৩৩ বছরের এই ক্রিকেটার। সাইফার্টের (Tim Seifert) কথায়, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রতিপক্ষ কে, সেটা বড় কথা নয়। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিরুদ্ধেও এই ধরনের বোলারদের মোকাবিলা করতে হয়। ভারতের বোলাররা নিউজিল্যান্ডে এসে এখানকার পিচের সঙ্গে দারুন ভাবে মানিয়ে নিয়েছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। আন্তর্জাতিক ক্রিকেটে যে দলের বিরুদ্ধেই খেলো না কেন, পিচ এবং প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি’।
বিশ্বকাপের প্রস্তুতিও মাথায়
শুধু চলতি সিরিজ় নয়, আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপের কথাও মাথায় রাখছে নিউজিল্যান্ড। সাইফার্ট (Tim Seifert) জানিয়েছেন, প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্য থাকলেও বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলের মধ্যে বোঝাপড়া তৈরি করাও জরুরি।
তিনি বলেন, ‘আমরা সব সময় মাঠে নেমে প্রতিটি ম্যাচ জিততে চাই। প্রতিটি সিরিজ জেতাও আমাদের লক্ষ্য। তবে বড় লক্ষ্য অবশ্যই আগামী বিশ্বকাপ। তাই দল হিসাবে একসঙ্গে খেলা, একে অপরকে বোঝা এবং শেখার উপরেও জোর দিতে হবে। দলে কয়েকটি পরিবর্তন হয়েছে। নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ’।
আরও পড়ুন: সানিয়ার জীবনে কি নতুন কেউ? নিজেই জানালেন টেনিস তারকা, ভবিষ্যৎ নিয়েও রাখলেন রহস্য
ভারতের পরিবর্তন নিয়ে চিন্তা নেই
শেষ দু’টি এক দিনের ম্যাচে ভারতীয় দলে থাকছেন না নিয়মিত অধিনায়ক শুভমান গিল এবং কেএল রাহুল। দু’জনেই টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য ভারতীয় দলে যোগ দেবেন। প্রথম বার এক দিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার।
তবে ভারতের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিকে বাড়তি সুবিধা বলে মনে করছেন না সাইফার্ট (Tim Seifert)। তাঁর বক্তব্য, ‘ভারত যে ক্রিকেটারদের নিয়েই খেলুক না কেন, আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। মাঠে প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটার। যারা সুযোগ পাবে, তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমাদের দলেও যারা নতুন দায়িত্ব পাচ্ছে, তারাও একই ভাবে নিজেদের সেরাটা দেবে’।
নিউজ়িল্যান্ডের দলেও শেষ দু’টি ম্যাচের আগে একাধিক পরিবর্তন হয়েছে। আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য টম লাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপ্স, নেথান স্মিথ এবং হেনরি নিকোলস চলে গিয়েছেন ওয়েলিংটনে। তাঁদের জায়গায় দলে এসেছেন ফিন অ্যালেন, মিচ হে, ডিন ফক্সক্রফট, নিক কেলি এবং ব্রেট র্যান্ডেল।
সাইফার্ট জানিয়েছেন, আগের ফল নিয়ে বেশি না ভেবে শেষ দু’টি ম্যাচে ভাল খেলার দিকেই নজর রয়েছে তাঁদের। শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ এক দিনের ম্যাচ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত চাইবে ব্যবধান আরও বাড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করতে। অন্য দিকে, ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই নিউজিল্যান্ডের।
দেখুন:




