• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

‘কমিউনিস্ট এবং জামাতি সবাইকে শেষ করব’, হাওড়া থেকে বাম-তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর

তাছাড়া ভাষার নামে সনাতনীদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দীর্ঘ ১৫ বছর ধরে অবাধে শাসন চালানোর পাশাপাশি হাজার হাজার কোটি টাকা

‘কমিউনিস্ট এবং জামাতি সবাইকে শেষ করব’, হাওড়া থেকে বাম-তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Photo-SNS

ছটপুজোর আগে বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই নিজের স্বভাবসিদ্ধ মেজাজে গত ৩৪ বছরের বামফ্রন্ট সরকার এবং ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারকে একযোগে তোপ দাগলেন তিনি। বামেদের নাস্তিকতা এবং তৃণমূলের ‘জামাত প্রেম’কে কাঠগড়ায় তুলে শুভেন্দু অধিকারী একের পর এক বাক্যবাণ নিক্ষেপ করলেন। এরা বিভেদের রাজনীতি করত বলেও সুর চড়ান তিনি। গত দুই সরকারই বাংলার উৎসব এবং পুজো নিয়ে নোংরা রাজনীতি করেছে এবং সমাজে বিভেদ তৈরির পরিবেশ তৈরি করেছে। তবে এই সরকারের আমলে তুষ্টিকরণ ও বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না বলে জানান তিনি।

এদিকে হাওড়ার ওই জনসভা থেকে কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগের সরকার পুজো নিয়েও ভাগাভাগি করত এবং ভাষার নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হতো বলে অভিযোগ তোলেন তিনি। তারপরই মুখ্যমন্ত্রীর আক্রমণ, ‘আগের সরকারের একটাই কাজ ছিল, ভাষার নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরি করা। বিহার, উত্তরপ্রদেশ, মারাঠিদের সব বহিরাগত বলত। আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জামাই আদর করত। তৃণমূলের কোনও নেতা তো মুসলিমদের মধ্যে উর্দুভাষী, বাংলাভাষীদের ভাগ করত না। শুধু বিজেপিকে বলত অবাঙালিদের পার্টি। ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট আর ১৫ বছরের জামাত তৃণমূল এই দুটো শক্তিকেই বাংলার মানুষের কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে রাখার কাজ করব আমরা। এরা যাতে আর কোনওদিন মাথা তুলতে না পারে তা সুনিশ্চিত করার জন্যই এই সরকার সচেষ্ট থাকবে।’

অন্যদিকে গত ১৫ বছর ধরে শাসনে থেকে তারা পশ্চিমবঙ্গের শতবর্ষের প্রাচীন পরম্পরা এবং ঐতিহ্যকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বের হতো। রামনবমীতে মিছিলে পাথর ছুঁড়ত বলে দাবি করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘ওরা পুজোর মধ্যেও বিভেদ করত। বলত ছট বিহারের, রামনবমী উত্তরপ্রদেশের। আজ গোটা বিশ্বের সনাতনীরা একসঙ্গে সব পুজো করছে। সনাতনীরা দুর্গাপুজোও করছে, জগদ্ধাত্রী পুজোও করছে, রামনবমীও করবে, ছটপুজোও করছে। তৃণমূলের নেতারা নিজেদের স্বার্থে সমাজের নানা শ্রেণিকে কোণঠাসা করার কূটরাজনীতিতে লিপ্ত ছিল এবং সবসময় ভারতীয় জনতা পার্টিকে একটি অবাঙালি পার্টি হিসেবে প্রতিপন্ন করার অপচেষ্টা চালাত। যারা বিভাজন করতে চেয়েছিল, তাদের সবাইকে ভেঙে দিয়েছি।’

তাছাড়া ভাষার নামে সনাতনীদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দীর্ঘ ১৫ বছর ধরে অবাধে শাসন চালানোর পাশাপাশি হাজার হাজার কোটি টাকা বেআইনিভাবে দেশের বাইরে পাচার করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এখান থেকেই মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘কাউকে ছাড়ব না। সবাইকে জেলে ঢোকাব। সবে ৬ মাস হয়েছে। আরও অনেক কিছু দেখা বাকি। কমিউনিস্ট এবং জামাতি সবাইকে শেষ করব। কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না।’