বাড়িতে রয়েছেন অসুস্থ স্ত্রী। তাঁকে একা রেখে বিদেশে যেতে চাইছিলেন না প্রৌঢ়। পুলিশ সূত্রের খবর, এদিকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ওই প্রৌঢ়কে আফ্রিকার একটি দেশে পাঠাচ্ছিল অফিস। কিন্তু অসুস্থ স্ত্রীকে ফেলে তিনি যেতে চাননি। আর তার জন্য হাইজ্যাকের গল্প সাজান তিনি। সেই জন্য বুধবার কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিমান হাইজ্যাকের ভুয়ো হুমকি নোট রেখেছিলেন তিনি।
পুলিশ সূত্রের খবর, বুধবার কলকাতা বিমানবন্দর থেকে ৫৫ বছর বয়সি ওই যাত্রীকে আটক করা হয়। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তিনি বর্তমানে উত্তর ২৪ পরগনার সোদপুরে থাকেন। তাঁর নাম পার্থপ্রতীম নন্দী। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তাঁর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান মুম্বইয়ের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এদিন নির্ধারিত সময় অনুযায়ী যাত্রীরা বিমানে ওঠেন। সকাল ১০টা ৩৭ মিনিট নাগাদ বিমানটি ছাড়ার কথা ছিল। সেই সময়ে বিমানের কেবিন ক্রুরা বিমানের শৌচাগার থেকে একটি হাতে লেখা চিরকুট দেখতে পান। তাতে লেখা ছিল এআই ২৭৭২ উইল বি হাইজ্যাকড অন ১১/১১। একটি ছোট সাদা কার্ডে তা লেখা ছিল। নতুন ওয়ালেটে যেমন কার্ড রাখার জায়গায় সাদা শক্তপোক্ত কার্ড রাখা থাকে, তেমনই একটি পুরোনো কার্ড ছিল সেটি।
এরপরে ক্রু সদস্যরা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। বিমান সে সময়ে মোট ১০৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটিকে সঙ্গে সঙ্গে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। নির্দেশিকা মেনে প্রত্যেক যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপরে তল্লাশি অভিযান শুরু হয়। বিমানে থাকা ১০৫ জন যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। সেই চিরকুটে থাকা হাতের লেখার সঙ্গে যাত্রীদের কারও হাতের লেখার মিল রয়েছে কি না, তা জানতেই পুলিশের এই উদ্যোগ।
ওই কার্ডটি দেখে যাত্রীদের ওয়ালেটও পরীক্ষা করা হয়। তখনই সোদপুরের প্রৌঢ়ের ওয়ালেট থেকে তেমন আরও কার্ড মেলে। তাঁর হাতের লেখার সঙ্গে চিরকুটের হাতের লেখাও হুবহু মিলে যায়। এরপরই ওই যাত্রীকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার পরেও ওই যাত্রী প্রথমে স্বীকার করতে চাননি। পরে ওই যাত্রী জানান, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁর কোম্পানি তাঁকে কাজের সুবাদে বিদেশে পাঠাচ্ছিল।
কিন্তু এদিকে তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ। তাই তাঁকে একা রেখে বিদেশে যেতে চাইছিলেন না তিনি। চরম মানসিক অবস্থায় তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। কলকাতা–মুম্বই ফ্লাইট দেরিতে ছাড়লে তিনি কানেকটিং ইন্টারন্যাশনাল ফ্লাইট মিস করবেন। আর তাঁকে বিদেশ যেতে হবে না। সেটা ভেবেই তিনি এ কাজ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি ফ্লাইটে এই ধরনের ভুয়ো হাইজ্যাক বা বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। কখনও শৌচালয়ের আয়নায় লাল লিপস্টিক দিয়ে লেখা রয়েছে ‘বম্ব’। তো কখনও আবার শৌচালয়ে হয় ‘বোমা রাখা আছে’ কিংবা ‘হাইজ্যাকড হতে পারে’ বলে চিরকুট পাওয়া গিয়েছে। এরকম বারবার একই ঘটনা ঘটায় বিমানে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।




