জেড প্লাস থেকে এক্স ক্যাটেগরিতে নিরাপত্তা নামানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ। ‘রাজনৈতিক প্রতিহিংসায় নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছে’, সওয়াল অভিষেকের আইনজীবীর। পাল্টা অভিষেকের সাক্ষাৎকার তুলে ধরে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরুর আর্জি রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যের। নিরাপত্তা পর্যালোচনা নিয়ে রাজ্যকে একাধিক প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের।
নিরাপত্তা কমানো নিয়ে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেড প্লাস (Z+) ক্যাটেগরি থেকে এক্স (X) ক্যাটেগরিতে তাঁর নিরাপত্তা নামিয়ে আনার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবারের শুনানিতে নিরাপত্তার প্রশ্নের পাশাপাশি আদালত অবমাননা নিয়ে কার্যত নজিরবিহীন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আদালতকক্ষে।
একদিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অভিষেকের নিরাপত্তা ফেরানোর দাবি। অন্যদিকে তাঁর একটি সাক্ষাৎকারকে হাতিয়ার করে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরুর আর্জি জানায় রাজ্য। শুনানির শুরুতেই অভিষেকের আইনজীবীর সওয়াল, ‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন বর্তমান সাংসদের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক কর্তাদের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে।’
তাঁর দাবি, ২০১৩ সাল থেকে জেড প্লাস নিরাপত্তা পেয়ে আসছিলেন অভিষেক। কিন্তু নতুন সরকার শপথ নেওয়ার পরের দিনই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। সাধারণত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ মূল্যায়ন ছাড়া সর্বোচ্চ স্তর থেকে একেবারে সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা যায় না। এখানেই পাল্টা আক্রমণ রাজ্যের।
অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে অভিষেকের একটি সাক্ষাৎকারের প্রতিলিপি পেশ করেন। তাঁর অভিযোগ, ওই সাক্ষাৎকারে বিচারপতিদের সম্পর্কে কটাক্ষ করা হয়েছে। এমনকী নির্দিষ্ট বিচারপতির নামও উল্লেখ করা হয়েছে। রাজ্যের আইনজীবীর বক্তব্য, ‘আদালতকে এভাবে বোকা বানানো যায় না।’ সাক্ষাৎকারের ভিডিও-সহ পেনড্রাইভও আদালতে জমা দেওয়ার কথা জানান তিনি। ওই বক্তব্য আদালত অবমাননার আওতায় পড়ে দাবি করে অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরুর আবেদন জানান রাজ্যের আইনজীবী।
পাল্টা অভিষেকের আইনজীবীর বক্তব্য, সাক্ষাৎকারের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত মামলার কোনও সম্পর্ক নেই। আদালত অবমাননার অভিযোগ থাকলে তার জন্য পৃথক আবেদন দাখিল করাই যথাযথ আইনি পদ্ধতি। তাঁর সওয়াল, ‘আমি এখানে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত জীবনের অধিকার এবং ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রক্ষার আবেদন জানাচ্ছি। আমাকে যেন নেকড়েদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’
অভিষেকের আইনজীবীর দাবি, তাঁর বাড়িতে রাত দুটো-তিনটের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই সময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তানরাও। নিরাপত্তা কমানোর পর থেকে তাঁর ও পরিবারের উপর ৬ বার হামলার ঘটনা ঘটেছে বলে আদালতে দাবি করেন আইনজীবী। তাঁর বক্তব্য, একের পর এক ঘটনার জেরে চরম হতাশা ও ক্ষোভ থেকে কিছু মন্তব্য করেছিলেন অভিষেক। হয়তো কিছু ক্ষেত্রে সীমা অতিক্রম করেছেন, কিন্তু সেই কারণে তাঁর নিরাপত্তার প্রশ্নটি আড়াল করা যায় না।
এমন সময় বিচারপতি কৃষ্ণা রাওয়ের কড়া পর্যবেক্ষণ, ‘‘আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন, একটি তালিকা দিতে। আমি তা দেখে নেব।’’ বিচারপতির আরও মন্তব্য, অভিষেক একজন শিক্ষিত মানুষ, একজন সাংসদ। তিনি কোনও সাধারণ নাগরিক নন।
বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন (ACR) যেন তাঁর মক্কেলই লিখে দিচ্ছেন, এমন মন্তব্যও করেন বিচারপতি। তবে আদালত স্পষ্ট করে দেয়, কোনও প্রকাশনা বা সাক্ষাৎকারের কারণে নিরাপত্তা সংক্রান্ত রিট মামলার শুনানি প্রভাবিত হওয়া উচিত নয়। সমস্ত বিষয় বিবেচনা করেই নির্দেশ দেওয়া হবে।
এরপর মূল মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, ৯ মে নতুন সরকার শপথগ্রহণ করে এবং ১২ মে তাঁর মক্কেলের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। নিরাপত্তা পর্যালোচনার জন্য কোনও যথাযথ রিভিউ কমিটি গঠন না করেই শুধুমাত্র সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, নিরাপত্তার স্তর পরিবর্তনের একমাত্র ক্ষমতা রয়েছে নির্দিষ্ট নিরাপত্তা পর্যালোচনা কমিটির। অথচ সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
আইনজীবীর আরও অভিযোগ, নিরাপত্তা কমানোর পর একাধিকবার প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। উল্টে তাঁর বাড়ি ও অফিসের সামনে থাকা পুলিশ পিকেট তুলে নেওয়া হয়েছে। এমনকী মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থাতেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় তাঁর বাড়ির বাইরে থাকা পুলিশ পোস্ট ভাঙতে জেসিবি নিয়ে আসা হয় বলে আদালতে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, সরকার পরিবর্তনের মাত্র এক দিনের মধ্যে নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত এবং পরবর্তী ঘটনাগুলির পরেও পুনর্বিবেচনা না করা, দুটিই অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।
রাজ্যের তরফে পাল্টা জানানো হয়, নির্দিষ্ট কোনও শ্রেণির নিরাপত্তা পাওয়া কারও মৌলিক অধিকার নয়। কলকাতা পুলিশের কাছে অভিষেকের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট নিরাপত্তাজনিত হুমকির রিপোর্ট ছিল না। জেড প্লাস নিরাপত্তার জন্য মাসে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয় বলেও আদালতে জানান রাজ্যের আইনজীবী। অধিকাংশ সাংসদই বর্তমানে এক্স ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন বলে দাবি করা হয়।
কিন্তু রাজ্যের এই বক্তব্যে সন্তুষ্ট হতে দেখা যায়নি বিচারপতিকে। নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত নথি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। আদালতের প্রশ্ন, ১২ মে নিরাপত্তা কমানোর সুপারিশ করা হয়েছিল। আবার ২৯ মে পর্যালোচনা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। তাহলে ঠিক কোন তারিখে নিরাপত্তা কমানো হয়েছিল? মে মাসের পর অভিষেকের উপর যে হামলার ঘটনাগুলি ঘটেছে, সেগুলি বিবেচনা করে কোনও রিপোর্ট তৈরি করা হয়েছে কি না, তাও জানতে চান বিচারপতি।
রাজ্যের আইনজীবী জানান, প্রতি ৬ মাস অন্তর নিরাপত্তা পর্যালোচনার নিয়ম রয়েছে। নভেম্বরের শেষের দিকে পরবর্তী পর্যালোচনা হওয়ার কথা। কিন্তু বিচারপতির পাল্টা প্রশ্ন, ৬ মাস অপেক্ষা করতে হবে কেন? নিরাপত্তা কমানোর পর একের পর এক ঘটনার কথা জানানো হয়েছে। সেই ঘটনাগুলি বিবেচনা করে নতুন করে পর্যালোচনা করা হল না কেন? আদালতের পর্যবেক্ষণ, রিপোর্টে কোথাও উল্লেখ নেই যে পরবর্তী হামলার ঘটনাগুলি বিবেচনায় নেওয়া হয়েছে। চাইলে রাজ্য বলতে পারত, ওই ঘটনাগুলি নিরাপত্তার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। কিন্তু তেমন কোনও বক্তব্যও নথিতে নেই।
কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী জানান, হামলার ঘটনার পর অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে নিরাপত্তা পর্যালোচনার বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত বলেও জানান তিনি। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, নিরাপত্তা কমানোর পর কী কী ঘটনা ঘটেছে, সেগুলি বিবেচনা করতে হবে। আইন মেনেই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে। শুধু পুরনো রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্যও আদালতের নথিতে তুলে ধরা হবে বলে সতর্ক করেন বিচারপতি।
আরও পড়ুন: অসুস্থ স্ত্রী, অফিসের কাজে বিদেশ যাওয়া আটকাতে হাইজ্যাক হুমকি, ধৃত প্রৌঢ়
শেষে অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল জরুরি ভিত্তিতে নিরাপত্তা পর্যালোচনা চান এবং ততদিন পর্যন্ত নিরাপত্তা বাড়ানোর আবেদন জানাচ্ছেন। সমস্ত বিষয় বিবেচনা করে নির্দেশ দেওয়া হবে বলে জানায় আদালত। শুনানি শেষ হলেও অভিষেকের নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণা রাও।




