লোকাল ট্রেনে তরুণী অশালীন স্পর্শ করে একজন প্রৌঢ় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেন ওই তরুণী। তখন তরুণীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠল। ধাক্কার জেরে প্ল্যাটফর্ম এবং কামরার ফাঁকে পড়ে গিয়ে ট্রেনের চাকায় পিষ্ট হন তরুণী। শুধু তাই নয়, তার জেরে বাদ গিয়েছে ওই তরুণীর বাঁ হাত। মাথাতেও ১৬টি সেলাই পড়েছে তরুণীর। গত ৪ নভেম্বর মুম্বইয়ের নায়গাঁও স্টেশনের এই ঘটনায় আবার প্রশ্নের মুখে পড়ল লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা। তবে অভিযোগ জমা পড়তেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণীর বয়স ২০ বছর। বিবাহিত ওই তরুণী নায়গাঁওয়ের বাসিন্দা। গত ৪ নভেম্বর সন্ধ্যায় বোরিওয়ালি থেকে বিরারগামী একটি লোকাল ট্রেনে উঠেছিলেন তিনি। ট্রেনে বেশ ভিড় থাকায় ভুল করে বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েন ওই তরুণী বধূ। ওই কামরাতেই জিতেন্দ্র হিরমুখে (৫৩) নামে এক সহযাত্রী ক্রমাগত তাঁকে অশালীন স্পর্শ করছিল। সেটার প্রতিবাদ করেন ক্ষুব্ধ তরুণী। এমনকী নিজের পায়ের চটি খুলে ওই ব্যক্তিকে ছুঁড়ে মারেন। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কামরার অন্যান্য যাত্রীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত প্রৌঢ় অশ্রাব্য গালিগালাজ করতে থাকে এবং নিজের চটি খুলে তরুণীকে মারে।
তবে ঘটনা এখানে থেমে যায়নি। বচসার মধ্যেই ট্রেন নায়গাঁও স্টেশনে পৌঁছয়। সেখানেও বচসা চলতে থাকে। তখনই ওই ব্যক্তি তরুণী বধূকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ। দু’টি কামরার মাঝের ফাঁকে পড়ে যান বধূ সুপ্রিয়া। যখন আঘাত পেয়ে প্ল্যাটফর্মে উঠে আসার চেষ্টা করছিলেন, ঠিক তখনই ট্রেনটি চলতে শুরু করে ও চাকার নীচে তাঁর বাঁ হাত চাপা পড়ে। অন্যান্য যাত্রীরা মিলে রক্তাক্ত অবস্থায় তাঁকে প্ল্যাটফর্মে টেনে তুলে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে কুপার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় চিকিৎসকদের অস্ত্রোপচার করে কনুইয়ের নীচ থেকে তাঁর বাঁ হাত কেটে বাদ দিতে হয়েছে। এরপর সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত প্রৌঢ় জিতেন্দ্র। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জিতেন্দ্র নায়গাঁও পূর্বের ওয়াকিপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃত জিতেন্দ্রর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার ধারাতে মামলা দায়ের করা হয়েছে। আর নির্যাতিতা তরুণী বধূ সংবাদমাধ্যমে বলেন, ‘আমি বোরিওয়ালি থেকে ট্রেনে উঠে নায়গাঁও যাচ্ছিলাম। তখন ওই ব্যক্তি আমাকে অশালীন স্পর্শ এবং শ্লীলতাহানি করে। আমি তার প্রতিবাদ করি। ট্রেন থেকে নামার পরেও সে একই কাজ করে। আমি প্রতিবাদ করলেও সে থামেনি। আমি ওকে গালি দিই, ও পাল্টা গালি দেয়। চটি মেরে ওকে তাড়াতে গেলে ও নিজের চটি দিয়ে আমাকে মারে। তার পরই ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। গোটা সংসারের দায়িত্ব আমার উপরেই ছিল। একহাত নিয়ে আমি কিছুই করতে পারব না। মাথায় ১৬টা সেলাই পড়েছে। আমি বিচার চাই, ওর কঠোর শাস্তি চাই।’




