• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

নিউজিল্যান্ডের কাছে পাঁচ গোলে লজ্জার হার ভারতের, জোড়া গোল জেসি রান্ডালের

বৃহস্পতিবার পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে ভারত। পিছন থেকে বল খেলার চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়ে ভারতীয় রক্ষণ। নিউজিল্যান্ডের আক্রমণ সামলাতে গিয়ে পরমবীর সিং-এর ক্লিয়ারেন্স বিজয় ভার্গিসের গায়ে লেগে জালে ঢুকে যায়

নিউজিল্যান্ডের কাছে পাঁচ গোলে লজ্জার হার ভারতের, জোড়া গোল জেসি রান্ডালের

Image: X

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে নেমেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের কাছে ০-৫ গোলে হারল খালিদ জামিলের দল।

২০২৬-এর ফুটবল বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই কার্যত দিশাহারা ফুটবল খেলে এদিন হারে ভারত। আত্মঘাতী গোল দিয়ে শুরু হয়েছিল বিপর্যয়। তার পরে জেসি রান্ডালের জোড়া গোল, ক্রিস উডের হেড এবং লাচলান বেলিসের গোলে বড় জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে খেলার সুযোগকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে দেখছে ভারত। কিন্তু অকল্যান্ডের ম্যাচে রক্ষণ এবং আক্রমণ—দুই বিভাগেই যে অনেক উন্নতি প্রয়োজন, তা স্পষ্ট হয়ে গেল। বিশেষ করে আন্তর্জাতিক স্তরে প্রতিপক্ষের চাপ সামলানোর ক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের দুর্বলতা আরও এক বার প্রকাশ্যে এল।

গত মাসে ব্রাজিলের বিরুদ্ধে চার গোলে হারে এই ভারত, উরুগুয়ের কাছে ১-৬-এ হারে তারা। তবে সেপ্টেম্বরের শেষে আর এক বিশ্বকাপার পানামার বিরুদ্ধে ১-১ ড্র করে। ওই একটি ম্যাচেই ইতিবাচক ফলের পর টানা তিনটি হার স্বীকার করল ভারত, যেখানে ১৫টি গোল খেয়ে মাত্র একটি দিয়েছে।

আরও পড়ুন: ভারতের তরুণ পেসারদের প্রশংসায় সিফার্ট, আর্শদীপদের বোলিংয়ে মুগ্ধ নিউজিল্যান্ড তারকা

বৃহস্পতিবার পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে ভারত। পিছন থেকে বল খেলার চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়ে ভারতীয় রক্ষণ। নিউজিল্যান্ডের আক্রমণ সামলাতে গিয়ে পরমবীর সিং-এর ক্লিয়ারেন্স বিজয় ভার্গিসের গায়ে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় হোম টিম।

এর পরেও একাধিক বার ভারতীয় গোলরক্ষক বিশাল কয়েথকে পরীক্ষার মুখে পড়তে হয়। কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন তিনি। ১৯ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করেছিল ভারতও। জিতিন এমএস এবং রায়ান উইলিয়ামসের বোঝাপড়া থেকে বল পেয়েছিলেন মনবীর সিং। কিন্তু তাঁর শট লক্ষ্যে রাখতে পারেননি।

৩৪ মিনিটে ব্যবধান বাড়ায় নিউজিল্যান্ড। ম্যাট গারবেটের পাস ধরে বাঁ দিক দিয়ে দ্রুত উঠে এসে শট নেন রান্ডাল। বল ভারতীয় রক্ষণে লেগে দিক পরিবর্তন করে জালে ঢোকে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আরও একটি গোল করেন তিনি। ৪৩ মিনিটে পরমবীরের ক্লিয়ারেন্স ঠিকমতো হয়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ে বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোল করেন রান্ডাল।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেও ম্যাচে ফিরতে পারেনি ভারত। বিরতির পর পাঁচটি পরিবর্তন করেন কোচ খালিদ। কিন্তু তাতেও রক্ষণের দুর্বলতা ঢাকা যায়নি।

আরও পড়ুন: সানিয়ার জীবনে কি নতুন কেউ? নিজেই জানালেন টেনিস তারকা, ভবিষ্যৎ নিয়েও রাখলেন রহস্য

৫৭ মিনিটে ব্যবধান ৪-০ করেন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস উড। ডান দিক থেকে কলান এলিয়টের ক্রস পেয়ে হেডে গোল করেন তিনি। দীর্ঘ ছ’মাস পরে দেশের হয়ে গোল পেলেন নটিংহ্যাম ফরেস্টের এই স্ট্রাইকার।

এর পরেও আক্রমণ থামায়নি নিউজিল্যান্ড। ৭৪ মিনিটে পরিবর্ত হিসাবে নামা লিয়াম গিলিয়নের পাস থেকে গোল করেন লাচলান বেলিস। তাঁর ভলি আটকানোর কোনও সুযোগ ছিল না ভারতীয় গোলরক্ষকের। এই গোলেই পাঁচতারা জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

এই সফরে আরও একটি ম্যাচ খেলবে ভারত। আগামী ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচের হারের পর সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন খালিদ জামিলের প্রধান লক্ষ্য। গোল: বিজয় ভার্গিস (আত্মঘাতী, ৫’), জেসি রান্ডাল (৩৪’, ৪৩’), ক্রিস উড (৫৭’), লাচলান বেলিস (৭৪’)।

দেখুন: