পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশবাহিনীর উপর জঙ্গি হামলার ঘটনা। পাহাড়ের উপর থেকে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। তাতে এক ডেপুটি পুলিশ সুপার ও এক সাব-ইন্সপেক্টর-সহ ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। হামলার পরে পাল্টা অভিযান চালিয়ে অন্তত ১৮ জন জঙ্গিকে খতম করার দাবি করেছে পাকিস্তান পুলিশ।
এই হামলার পিছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির হাত রয়েছে বলে অভিযোগ। বুধবার কোহাট জেলার গামবাট এলাকায় বেআইনি সোনার খনির বিরুদ্ধে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখান থেকে ফেরার পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জলন্ধর বান্দা এলাকায় তাঁদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়।
পাহাড়ের উপর থেকে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পুলিশের ৫টি গাড়িও পুড়িয়ে দেওয়া হয় বলে খবর। কোহাট পুলিশের মুখপাত্র মহম্মদ নওমান জেব জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন গামবাটের ডেপুটি পুলিশ সুপার হায়দার জামান এবং সাব-ইন্সপেক্টর মুখতিয়ার। হামলার পরেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাবাহিনী পাঠানো হয়। শুরু হয় জঙ্গিদমন অভিযান।
পাকিস্তান পুলিশের জনসংযোগ বিভাগের দাবি, ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ নামে পরিচিত জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। পাল্টা অভিযানে ১৮ জনকে নিকেশ করা হয়েছে। পাকিস্তানে নিষিদ্ধ টিটিপি জঙ্গিদের বোঝাতেই এই শব্দবন্ধ ব্যবহার করে প্রশাসন। অন্যদিকে, টিটিপি এই হামলা-সহ দেশের বিভিন্ন জায়গায় একাধিক হামলার দায় স্বীকার করেছে বলে খবর।
আরও পড়ুন: ফ্রান্সে ৭০০-র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা, ইরানের আইআরজিসি-কে দায়ী প্যারিসের
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই পুলিশ ও নিরাপত্তাবাহিনীকে নিশানা করছে টিটিপি। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা হামলার ছক কষছে। যদিও সেই অভিযোগ বারবার অস্বীকার করেছে আফগানিস্তানের তালিবান সরকার। সাম্প্রতিককালে সীমান্তে দুই দেশের সংঘাতও বেড়েছে। ফলে নতুন করে এই হামলা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলল।




