টেগোর পার্কে একটি মন্দির দখল করা হয়েছে বলে অভিযোগ। আর তা দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ উঠেছে আরসালান বিরিয়ানি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জোরদার বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের সময়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, অবৈধ দখলদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এমনকী সরাসরি বুলডোজার চালানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী ছাউনি এবং গেট এদিন ভেঙে ফেলেছে কলকাতা পুরসভা বুলডোজার দিয়ে। তারপর এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
এদিকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মন্দির হোক বা অন্য কিছু। জায়গা দখল করে কোনও কিছু করা যাবে না। দখল করা জমি মুক্ত করা হবে। তার জন্য বুলডোজার চালানো উচিত। বহু এলাকায় দখল হয়ে রয়েছে শহরের জায়গা বলে অভিযোগ। শহরের রাস্তাঘাট এমনও আছে যেগুলি সরু। তাই ফুটপাত দখল হয়ে থাকলে পথচারীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। তাই মহানগরীর সব জবরদখল হওয়া জায়গা মুক্ত করতে চাইছে রাজ্যের বিজেপি সরকার। এই বিষয়ে দিলীপ ঘোষ সরাসরি বলেন, ‘এই ধরনের যা যা বেদখল হয়ে আছে, মন্দির হোক অন্য কিছু হোক। তা যদি দখল করে রাখার প্রমাণ মেলে তাহলে সেটা মুক্ত হবে। অবশ্যই বুলডোজার চলা উচিত।’
অন্যদিকে সংশ্লিষ্ট ওই রেস্তোরাঁ গোষ্ঠীর বিরুদ্ধে জমি দখল বা বেআইনি নির্মাণের অভিযোগ এই প্রথম উঠছে না। আগে ২০২৬ সালের এপ্রিল এবং মে মাসে কলকাতার পার্ক স্ট্রিট এলাকার আরসালান রেস্তোরাঁয় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। তখন কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে রেস্তোরাঁর ওই অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এমনকী দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে ফুটপাত এবং সরকারি জমি দখল করে দোকান চালানোর অভিযোগও উঠেছিল সংস্থার বিরুদ্ধে। সেই নিয়ম অনুযায়ী এখানেও চলতে পারে বুলডোজার। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে। কারণ এটি শহরের একটি নামকরা রেস্তোরাঁ।
তাছাড়া এদিনই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার চলেছে। অস্থায়ী নির্মাণ ভেঙে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ভেঙে ফেলা হয় বাড়ির কাছের একটি শহিদ বেদিও। এই বিষয়ে দিলীপ ঘোষের কড়া জবাব, ‘আমি তো বলব শুধু ভাইপো নয়, ফুটপাত দখল করলেই এটা হওয়া উচিত। কলকাতায় এমনিতে যা রাস্তা কম, জায়গা কম, হাঁটার জায়গা নেই। গাড়ি বেশি। তাই সব মুক্ত হওয়া উচিত। আর এই পদক্ষেপ প্রভাবশালীদের থেকেই শুরু হচ্ছে। তার আগে একজন খুব প্রভাবশালী বিধায়কের অফিসে বুলডোজার চলেছিল।’




