• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

ফিট ঋষভ পন্থ, ১২ নভেম্বর উড়ে যাবেন নিউজিল্যান্ডে, প্রথম টেস্টে খেলতে আর বাধা নেই?

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে পন্থের। ২০২০-তে ওই দেশে দু’টি টেস্ট খেলেছিল ভারত। বর্তমান দলের হাতে গোনা কয়েক জন ক্রিকেটারের মধ্যে পন্থ অন্যতম, যাঁদের কিউইদের দেশে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে

ফিট ঋষভ পন্থ, ১২ নভেম্বর উড়ে যাবেন নিউজিল্যান্ডে, প্রথম টেস্টে খেলতে আর বাধা নেই?

Image: X

চোটের ধাক্কা কাটিয়ে অবশেষে স্বস্তি ভারতীয় শিবিরে। সম্পূর্ণ ফিট ঋষভ পন্থ। সব ঠিক থাকলে আগামী ১২ নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। ফলে ১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল। পন্থের ফিটনেস নিয়ে এত দিন যে অনিশ্চয়তা ছিল, আপাতত তা কাটতে চলেছে বলেই খবর।

ইরানি কাপের ম্যাচে অবশিষ্ট ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে সাইড স্ট্রেনের কবলে পড়েছিলেন পন্থ। সেই কারণে নিউজিল্যান্ড সফরের আগে ভারতীয় ‘এ’ দলের হয়ে একটি বেসরকারি টেস্টে খেলার তাঁর পরিকল্পনাও ভেস্তে যায়। নির্বাচকেরা তাঁকে ভারতীয় ‘এ’ দল এবং সিনিয়র টেস্ট দলে রেখেছিলেন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে। কিন্তু বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে প্রয়োজনীয় ‘রিটার্ন টু প্লে’ শংসাপত্র না মেলায় মাঠে ফেরা আটকে ছিল।

আরও পড়ুন: নির্বাচনে ‘বড় জালিয়াতি’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পিটি ঊষা! আইওসি-কেও অভিযোগ জানালেন কিংবদন্তি অ্যাথলিট

কঠিন পরীক্ষার পর ছাড়পত্র

পন্থের ফিটনেস নিয়ে আশার কথা শুনিয়েছে বিসিসিআই সূত্র। এক বোর্ডকর্তা জানিয়েছেন, ‘পন্থ সম্পূর্ণ ফিট। সেন্টার অফ এক্সেলেন্সে আজ ও ম্যাচ সিমুলেশন ড্রিল করছে। বুধবার আরও এক দফা সিমুলেশন হওয়ার কথা। দু’টি পর্বই সফল ভাবে শেষ করতে পারলে ১২ নভেম্বর ও ওয়েলিংটনের উদ্দেশে রওনা দেবে’।

অর্থাৎ, শুধু নেটে ব্যাটিং নয়, ম্যাচের পরিস্থিতিতে নিজেকে কতটা মেলে ধরতে পারছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই পরীক্ষায় সফল হলেই নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন পন্থ। ভারতীয় দলের কাছে যা বড় স্বস্তির খবর। বিশেষ করে বিদেশের মাটিতে টেস্টে পন্থের অভিজ্ঞতা এবং আগ্রাসী ব্যাটিং দলের শক্তি বাড়াতে পারে।

আরও পড়ুন: বাপ কা বেটা! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬০ রানের ইনিংস আর্যবীরের

নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে পন্থের। ২০২০-তে ওই দেশে দু’টি টেস্ট খেলেছিল ভারত। বর্তমান দলের হাতে গোনা কয়েক জন ক্রিকেটারের মধ্যে পন্থ অন্যতম, যাঁদের কিউইদের দেশে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।

২৯ বছরের পন্থ এখনও পর্যন্ত ৫২টি টেস্ট খেলেছেন। তাঁর সংগ্রহ ৮টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি। গড় ৪৩-এর বেশি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন বিদেশ সফরেও টেস্ট শতরান রয়েছে তাঁর। তাই নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া ভারতের ব্যাটিং এবং উইকেটকিপিং— দুই বিভাগেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে। তার আগে দলের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতির জন্য পন্থের হাতে সময় থাকবে প্রায় এক সপ্তাহ। এখন নজর বুধবারের শেষ ম্যাচ সিমুলেশন পরীক্ষার দিকে। সেটি নির্বিঘ্নে শেষ হলেই নিউজিল্যান্ডে উড়ে যাওয়ার পথ খুলে যাবে তাঁর।

দেখুন: