• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

মাওবাদীদের পর এবার নিকেশ করা হবে দিমাগি নকশালদের: মোদীকে বিতর্কে চ্যালেঞ্জের জেরে রাহুলকে কড়া জবাব রিজিজুর

'দিমাগি নকশাল' মন্তব্য ঘিরে প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর। পালটা কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

মাওবাদীদের পর এবার নিকেশ করা হবে দিমাগি নকশালদের: মোদীকে বিতর্কে চ্যালেঞ্জের জেরে রাহুলকে কড়া জবাব রিজিজুর

Image: File Photo

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ (Dimagi Naxals) মন্তব্য ঘিরে এবার চরম আকার নিল রাজনৈতিক তরজা। বস্তারে জওয়ানদের সামনে প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মোদীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর মঙ্গলবার রাহুলের সেই আক্রমণের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। এক্স (X) হ্যান্ডেলে রিজিজু স্পষ্ট জানান, দেশের বুক থেকে সশস্ত্র মাওবাদীদের মুছে ফেলার পর মোদী সরকারের পরবর্তী টার্গেট হল এই ‘দিমাগি নকশাল’দের সমূলে উৎখাত করা।

মনমোহন সিংয়ের প্রসঙ্গ

রাহুল গান্ধীকে নিশানা করে কিরেন রিজিজু একটি অত্যন্ত কড়া পোস্ট করেন মঙ্গলবার। সেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। রিজিজু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রাহুলজি, সশস্ত্র মাওবাদীদের খতম করার জন্য আপনার উচিত মোদীজিকে ধন্যবাদ জানানো। প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংজি তো বিখ্যাত মন্তব্য করেছিলেন যে, ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ হল বামপন্থী চরমপন্থা ও নকশালবাদ। এবার আমাদের পরবর্তী লক্ষ্য হল দিমাগি নকশালদের শেষ করা।

রাহুলের চ্যালেঞ্জ

এর আগে সোমবার রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে একটি পোস্ট করেছিলেন। গত রবিবার ছত্তিশগড়ের বস্তারে সিআরপিএফ (CRPF) জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন যে, সশস্ত্র মাওবাদীদের শেষ করা গেলেও ‘দিমাগি নকশাল’রা বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনে ঢুকে পড়েছে এবং সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উসকানি দিচ্ছে।

এর জবাবে সোমবার রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে লেখেন, প্রিয় সিআরপিএফ ইন্ডিয়া, আপনাদের মুখ দেখেই সব বোঝা যাচ্ছিল: আপনারা প্রধানমন্ত্রীর মিথ্যে কথাগুলো বিশ্বাস করেননি। এরপরই তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। রাহুল বলেন, উনি আমাদের নকশাল বলেছেন। আমার চ্যালেঞ্জ রইল। কে দেশদ্রোহী আর কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, তা নিয়ে উনি আমার সঙ্গে বিতর্কে বসুন। যে কোনও সময়, যে কোনও জায়গায়। আমার গ্যারান্টি, এই বিতর্কের পর একজন জওয়ানের সামনেও দাঁড়ানোর সাহস প্রধানমন্ত্রীর থাকবে না।

সরকারের অনড় অবস্থান

রাহুল গান্ধীর এই আক্রমণের পরেই আসরে নামে কংগ্রেস দল। কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশও এই নিয়ে সরব হন। কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে হতাশ ও মরিয়া হয়ে পড়েছেন এবং তাঁর ‘ঝোলা তুলে নেওয়ার সময়’ দ্রুত ঘনিয়ে আসছে। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, ‘দিমাগি নকশাল’ বা ‘আরবান নকশাল’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করে মোদী সরকার আসলে গণতান্ত্রিক ভিন্নমতকে দেশদ্রোহিতা বলে দেগে দিতে চাইছে।

তবে বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দিয়ে সরকার যে নিজেদের অবস্থানে অনড়, তা মঙ্গলবার কিরেন রিজিজুর মন্তব্যে আরও একবার স্পষ্ট হয়ে গেল। প্রসঙ্গত, গত আগস্ট মাসে স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী মোদী এই ‘দিমাগি নকশাল’দের কথা উল্লেখ করে বলেছিলেন যে, সশস্ত্র নকশালবাদ দূর করা গেলেও তার আদর্শগত সমর্থকরা এখনও সুযোগ খুঁজছে।