• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

পঞ্চম দিনে পিচে বোলারদের জন্য কিছু থাকবে?ক্রাইস্টচার্চের বাইশ গজ নিয়ে কী বললেন ধ্রুব জুরেল? সঙ্গে আকাশ দীপের আপডেট

হ্যাগলি ওভালের পিচ নিয়ে জুরেলের পর্যবেক্ষণ, 'পিচ শুকিয়ে গিয়েছে। কোকাবুরা বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং করাও সহজ হয়েছে। আমার মনে হয়, পিচের চরিত্র অনেকটা ওয়েলিংটনের মতো হবে। পঞ্চম দিন নাগাদ ব্যাটিং আরও সহজ হয়ে যাবে। বোলারদের জন্য বিশেষ কিছু থাকবে না।'

পঞ্চম দিনে পিচে বোলারদের জন্য কিছু থাকবে?ক্রাইস্টচার্চের বাইশ গজ নিয়ে কী বললেন ধ্রুব জুরেল? সঙ্গে আকাশ দীপের আপডেট

Image: X

কঠিন পরিস্থিতিতে কী ভাবে লড়াই করতে হয়, তা আরও এক বার দেখিয়ে দিলেন ধ্রুব জুরেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তাঁর ৮৮ রানের ইনিংসে ভর করে ১১৭/৭ থেকে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ তিন উইকেটে ১২৯ রান যোগ করে দল। আকাশ দীপ এবং প্রথম টেস্ট খেলা গুরনুর ব্রারের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন জুরেল। কিন্তু দিনের শেষে ভারতীয় দলের জন্য খুব একটা সুখবর দিতে পারলেন না তিনি। বরং জানিয়ে দিলেন, পঞ্চম দিনে পিচ থেকে বোলারদের বিশেষ সাহায্য পাওয়ার সম্ভাবনা কম।

হ্যাগলি ওভালের পিচ নিয়ে জুরেলের পর্যবেক্ষণ, ‘পিচ শুকিয়ে গিয়েছে। কোকাবুরা বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং করাও সহজ হয়েছে। আমার মনে হয়, পিচের চরিত্র অনেকটা ওয়েলিংটনের মতো হবে। পঞ্চম দিন নাগাদ ব্যাটিং আরও সহজ হয়ে যাবে। বোলারদের জন্য বিশেষ কিছু থাকবে না।’

আরও পড়ুন: ব্যাট হাতে জুরেলের লড়াই, বল হাতে অবশেষে তৎপর বুমরা! তবু দ্বিতীয় টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

প্রথম টেস্টেও ওয়েলিংটনের পিচে ম্যাচের শেষ দিনে ব্যাটিং তুলনায় সহজ হয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এমন মন্তব্য করেছেন ভারতীয় ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে দারুণ লড়াই করেন জুরেল। আকাশ দীপের সঙ্গে ৪৬ এবং গুরনুর ব্রারের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন তিনি। বোলারদের ব্যাটিংয়ে আত্মবিশ্বাস জোগানোই তাঁর কৌশল।

জুরেল বলেন, ‘দলের প্রয়োজনের সময়ে অবদান রাখতে পারলে ভাল লাগে। লোয়ার অর্ডারের ব্যাটাররা যখন ক্রিজে আসে, তখন আমি ওদের আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করি। আমরা সবাই জানি, বোলাররা বেশি সময় ব্যাট করতে পছন্দ করে না। তাই ওদের বোঝাতে হয় যে, ওরাও পারে।’

শুধু তাই নয়, বিপক্ষের বোলারদের কী ভাবে চাপে রাখতে হয়, সেটাও সতীর্থদের মনে করিয়ে দেন জুরেল। বলেন, ‘আমি ওদের বলি, তোমরা যখন বিপক্ষের লোয়ার অর্ডারের বিরুদ্ধে বল করো, তখন কেমন লাগে? ওদের উইকেট না পেলে কতটা বিরক্ত হও? তা হলে এ বার তোমরাও বিপক্ষের বোলারদের একই রকম বিরক্ত করো।’

লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে খেলার সময় ধৈর্য ধরে এগোনোর পরামর্শ দেন তিনি। জুরেলের বক্তব্য, ‘আগের বলটা ভুলে গিয়ে পরের বলের দিকে মন দেওয়া সব সময় গুরুত্বপূর্ণ। বল ধরে ধরে, সেশন ধরে ধরে এগোতে হবে।’

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া—ক্রিকেটের পরিভাষায় এই চার দেশকে একসঙ্গে বলা হয় SENA। এই দেশগুলির মাটিতে ভাল খেলা প্রত্যেক ভারতীয় ব্যাটারের স্বপ্ন। জুরেলের কাছেও সেই স্বপ্নের গুরুত্ব আলাদা।

আরও পড়ুন: আজ যুবভারতীতে পরিসংখ্যান বদলাতে মরিয়া হাবাস, মোহনবাগানকে দশ নম্বর জয়ের স্বপ্ন দেখাচ্ছেন দিমপেরিস

তিনি বলেন, ‘SENA দেশগুলিতে খেলা এবং সেখানে ভাল পারফরম্যান্স করা আমার স্বপ্ন ছিল। আমার পরিবার প্রথম বার এখানে এসেছে। ওরাও আমার খেলা উপভোগ করেছে। সেঞ্চুরি করতে পারলে আরও ভাল লাগত।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৮ রানে থামতে হয়েছে তাঁকে। সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে থাকলেও সেই আক্ষেপ ভুলে পরের ইনিংসে মন দিতে চান জুরেল। মাথায় পর পর দু’বার বলের আঘাত লাগার কারণে কনকাশনে আক্রান্ত হয়ে দ্বিতীয় টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে।

আকাশের বিষয়ে জুরেল বলেন, ‘ও খুব লড়াকু ক্রিকেটার। ওর মাথায় দু’বার বল লেগেছে। প্রথম বার বল লাগার পর থেকেই ওর একটু ঝিমুনি ভাব হচ্ছিল। কিছুটা ব্যথাও ছিল। চিকিৎসকেরা ওর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।’

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ১৩৩/৩। সব মিলিয়ে ২৪৩ রানে এগিয়ে রয়েছে তারা। ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার রাস্তা তৈরি করা। কিন্তু পিচ নিয়ে জুরেলের পূর্বাভাস সত্যি হলে শেষ দিনে কাজটা আরও কঠিন হতে পারে ভারতীয় বোলারদের জন্য।

দেখুন: