উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর। রবিবার, ২৯ নভেম্বরের আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড় ও হিমাচল প্রদেশের একাধিক এলাকায় ঘন কুয়াশার আশঙ্কার কথা জানানো হয়েছে। এর জেরে আগামী কয়েক দিন সকালের দিকে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। ব্যাহত হতে পারে বিমান ও রেল পরিষেবাও।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও চণ্ডীগড়ের বিচ্ছিন্ন এলাকায় ২ ডিসেম্বর সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে। অন্যদিকে, হিমাচল প্রদেশে ৩ ডিসেম্বর সকাল পর্যন্ত কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমানবন্দর, রেলপথ ও জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে পথ দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।
এই পরিস্থিতিতে যাত্রীদের বিমান সংস্থা, রেল কর্তৃপক্ষ ও রাজ্য পরিবহণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যাত্রার সময়সূচি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। গাড়িচালকদের কুয়াশার মধ্যে সতর্কভাবে গাড়ি চালানো ও ফগ লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে বিদ্যুৎ পরিবহণ ব্যবস্থাতেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা। তাই বিদ্যুৎ সংস্থাগুলিকে আগাম প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু যাতায়াত নয়, স্বাস্থ্যের ক্ষেত্রেও সতর্ক করেছে আইএমডি। ঘন কুয়াশার সঙ্গে বাতাসে থাকা ধূলিকণা ও দূষিত পদার্থ মিশে শ্বাসকষ্টের সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে হাঁপানি, ব্রঙ্কাইটিস ও ফুসফুসের সমস্যায় আক্রান্তদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনো ও বাইরে বেরোলে মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে, ২ ডিসেম্বর রাত থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্জার প্রভাব পড়তে পারে পশ্চিম হিমালয় অঞ্চলে। ৩-৫ ডিসেম্বরের মধ্যে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪-৫ ডিসেম্বর জম্মু-কাশ্মীর ও লাদাখের একাধিক এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে ৫ ডিসেম্বর পর্যন্ত দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও চণ্ডীগড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী সাত দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।




