চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা সুপার লিগে উঠতে পারবে কি না, তা নির্ভর করছে বৃহস্পতিবারের ম্যাচের ফলাফলের উপর। কার্যত মুম্বইয়ে রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচই হতে চলেছে সুপার লিগের কোয়ালিফায়ার। যে দল জিতবে, তারাই সুপার লিগে উঠবে, যারা হারবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
গত ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে যে পারফরম্যান্স দেখিয়েছে বাংলা, তার ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে, তা হলে এই ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ-রাই ফেভারিট। গত মঙ্গলবার অভিষেক পোড়েলের অর্ধশতরান ও করণ লালের বিধ্বংসী অপরাজিত ৮২ উত্তরপ্রদেশের সামনে ২০২ রানের লক্ষ্য স্থীর করে। জবাবে উত্তরপ্রদেশের ইনিংস বাংলা থামিয়ে দেয় ১০৮ রানে।
সে দিন টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থাকা অভিষেক পোড়েল ৩৯ বলে ৬৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছয়। ম্যাচের রং আরো বদলে দেন করণ লাল। মাত্র ২৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পাঁচটি চার ও আটটি ছয়ে সাজানো সেই ইনিংসের স্ট্রাইক রেট ২৮২.৭৫। তৃতীয় উইকেটে অভিষেকের সঙ্গে মাত্র ৪৫ বলে ১০৮ রান যোগ করেন করণ। মাত্র ২০ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন করণ।
বৃহস্পতিবারও বাংলার ব্যাটারদের এই বিধ্বংসী মেজাজ বজায় থাকলে বাংলা ফের জিতে সুপার লিগে উঠে যাবে। বুধবার সন্ধ্যায় মুম্বই থেকে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ফোনে বলেন, ‘কাল মরণ-বাঁচন ম্যাচ আমাদের। কাল আমাদের জিততেই হবে। তবেই সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারব। গত ম্যাচের জয় আমাদের শিবিরে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। আশা করি, সেই আত্মবিশ্বাস এই ম্যাচে কাজে লাগবে। এইমাত্র টিম মিটিং সেরে এলাম। দলের ছেলেরা সবাই খুবই উজ্জীবিত। প্রত্যেকেই যার যার সেরাটা দিতে চায়। জেতার জন্য এই স্পিরিটটাই দরকার’।
বাংলার মতো রাজস্থানও ছয় ম্যাচে চারটি জিতে ১৬ পয়েন্ট পেয়েছে। তুলনামূলক ভাল নেট রান রেটের জন্য বাংলা টেবলের দুই নম্বরে রয়েছে এবং রাজস্থান তিনে। মঙ্গলবার, যেদিন বাংলা উত্তর প্রদেশের বিরুদ্ধে অসাধারণ জয় পায়, সে দিনই তারা কর্নাটকের বিরুদ্ধে মাত্র ১১৩ রানে অল আউট হয়ে যায়। কর্নাটক সেই রান তুলে নেয় ১৬ ওভারেই। এই শোচনীয় হারের পর বেশ চাপে রয়েছে তারা।
কাকতালীয় ভাবে এই কর্নাটকের কাছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাও হেরে গিয়েছিল ১৯ রানে। তবে সে সব অতীত। তার পরে পাঁচটির মধ্যে চারটিতেই জিতেছে তারা। শুধু বরোদার কাছে চার উইকেটে হারে। তবে উত্তর প্রদেশের বিরুদ্ধে তাদের জয় মনে রাখার মতো। অভিষেক পোড়েল (৬ ইনিংসে ২৫২ রান) ও অভিমন্যু ঈশ্বরণ (৫ ইনিংসে ১৮৭) দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছে। কালকের ম্যাচে এদের দিকেই তাকিয়ে থাকবে বাংলা।
বোলারদের মধ্যে সদ্য পিতৃহারা সায়ন ঘোষ (২২ ওভারে ১১ উইকেট) ও মুকেশ কুমারের (১৯.২ ওভারে ১১ উইকেট) পারফরম্যান্স সবচেয়ে ভাল। তবে মহ্ম্মদ শামির পারফরম্যান্স প্রত্যাশিত হয়নি। ১৭ ওভার বোলিং করে মাত্র চার উইকেট পেয়েছেন তিনি। প্রদীপ্ত প্রামানিকও আট উইকেট পেয়েছেন। সব মিলিয়ে বাংলা দল ভাল ফর্মেই রয়েছে। তাই বৃহস্পতিবার, লক্ষ্মীবারে লক্ষ্মীরতন শুক্লার দলের লক্ষ্মী লাভ হবে, এমন আশা করা যেতেই পারে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে তো অঘটন তো ঘটেই।




