গত বছর জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারত-নেপাল সম্পর্কের ক্ষেত্রে এক বাস্তববাদী পথ বেছে নিয়েছেন বলে মনে হচ্ছে। বৃহত্তর প্রতিবেশী ভারতের ওপর শুধু নির্ভরশীল হয়ে থাকার পরিবর্তে তিনি অর্থনৈতিক কূটনীতির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর লক্ষ্য, দুই দেশের মধ্যে এমন এক সম্পর্ক গড়ে তোলা, যেখানে একে অপরের ওপর নির্ভরশীলতা থাকবে, কিন্তু সেই সম্পর্ক কোনওভাবেই একতরফা নির্ভরশীলতার পর্যায়ে পৌঁছবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বালেন্দ্র শাহের বৈঠকে বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত হয়েছে। ভারত নেপালের উন্নয়ন সহযোগিতার জন্য ২৪ হাজার কোটি নেপালি টাকা (প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় টাকা) দেওয়ার কথা ঘোষণা করেছে। গত আগস্ট মাসে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল, তা পুনর্গঠনের কাজে এই অর্থ সাহায্য করবে।
পাশাপাশি, দুই দেশ রেল যোগাযোগ সম্প্রসারণ, অতিরিক্ত বন্দর ব্যবহারের সুযোগ, সীমান্ত পরিকাঠামোর উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র নিয়ে আটটি চুক্তির ব্যাপারেও অগ্রগতি ঘটিয়েছে।
নেপালের সংবাদমাধ্যম ‘নেপাল খবর’-এর পরামর্শদাতা সম্পাদক কুবের চালিসে বলেছেন, ‘‘বালেন্দ্র শাহ এমন এক গঠনমূলক অর্থনৈতিক কূটনীতির পথে পা বাড়িয়েছেন, যার ফলে নেপাল একতরফা নির্ভরশীলতা থেকে বেরিয়ে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক গড়ে তুলতে পারে। এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ। ভারতের ঘোষিত অর্থসাহায্য নেপালের পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থের অন্তত এক-তৃতীয়াংশ জোগাতে পারবে।’
তবে বালেন্দ্র শাহের এই ভারত সফরের গুরুত্ব শুধু আর্থিক সহায়তার অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। চালিসের মতে, ‘তিনি স্পষ্ট করে দিতে চাইছেন যে, নেপাল ভারতের সঙ্গে আরও বাস্তবসম্মত ও ফলাফলনির্ভর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।’
একই সঙ্গে শাহ এমন একটি ভারসাম্য বজায় রেখেছেন, যাতে বিতর্কিত সীমান্তবর্তী অঞ্চল নিয়ে আলোচনা এবং ১৯৫০ সালের ভারত-নেপাল চুক্তির পুনর্বিবেচনার মতো বিষয়গুলি আলোচনায় থাকলেও সেগুলিকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে সামনে আনেননি। নেপালের একাংশের ধারণা, ওই চুক্তি ভারতের পক্ষে একতরফা। কিন্তু শাহ আপাতত এই বিতর্কগুলি নতুন করে উসকে দিতে চাননি।
কাঠমান্ডুর মেয়র থাকাকালীন ২০২৩ সালে বালেন্দ্র শাহ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন। চিনের প্রকাশিত একটি মানচিত্রে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে বিতর্কিত অঞ্চল হিসেবে না দেখিয়ে ভারতের অন্তর্ভুক্ত বলে চিহ্নিত করা হয়েছিল। তার প্রতিবাদে তিনি বেজিং সফর বাতিল করেছিলেন। পরে অবশ্য তাঁর অবস্থানে কিছুটা পরিবর্তন আসে। তিনি বলেন, ভারত ও চিন—দুই দেশই নেপালের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। এর মধ্য দিয়ে নেপালের দুই বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি এক ধরনের সমদূরত্ব বজায় রাখার অবস্থান গ্রহণ করেন।
সোমবার দিল্লিতে দাঁড়িয়ে বালেন্দ্র শাহ ভারত-নেপাল বন্ধুত্বের প্রসঙ্গে বলেন, এই বন্ধুত্বে পারস্পরিক বিশ্বাস হিমালয়ের মতোই সুউচ্চ।
বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব (অর্থনৈতিক সম্পর্ক) পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, ‘নেপালের প্রধানমন্ত্রী একই সঙ্গে বাস্তববাদী, বন্ধুত্বপূর্ণ এবং প্রয়োজনমতো লেনদেনভিত্তিক মনোভাব দেখিয়েছেন। তাঁর কাছ থেকে এটাই প্রত্যাশিত।’
দিল্লির নীতিনির্ধারকরাও এই পরিবর্তনে সন্তুষ্ট বলে মনে হচ্ছে। কারণ, এর ফলে ভারতের সরকারের দীর্ঘদিনের ঘোষিত ‘প্রতিবেশীই প্রথম’ (Neighbourhood First) নীতিকে আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে। তবে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হল, ঘোষিত প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা। তা না হলে তুলনা আসবে চিনের সঙ্গে। এশিয়ার বিভিন্ন দেশে বৃহৎ পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে চিনের দ্রুত কাজ শেষ করার দক্ষতা বহুল প্রশংসিত।
পরিকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ স্বাধীন মার্চেন্ট ব্যাঙ্কার অমিত বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘চিনের চেকবই-কূটনীতি (Cheque-book Diplomacy) অনেক সময় সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলে। কোনও দেশই তা পছন্দ করে না। কিন্তু একই সঙ্গে আমাদের স্বীকার করতে হবে, চিনের দ্রুত প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা সম্পর্কে এশিয়ার বিভিন্ন দেশে এক ধরনের অনিচ্ছাসত্ত্বেও প্রশংসা রয়েছে।’
বিদেশ মন্ত্রকের আধিকারিকদের বক্তব্য, ভারত-নেপাল সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক যোগাযোগ এবং অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতার ওপর দাঁড়িয়ে রয়েছে। তবে এই সম্পর্কের মধ্যে সময়ে সময়ে রাজনৈতিক অবিশ্বাসও তৈরি হয়েছে।
দুই দেশের মধ্যে অবাধ সীমান্ত, গভীর সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ এবং নেপালের অর্থনীতির জন্য ভারতের ভূখণ্ডের মধ্য দিয়ে যাতায়াত ও পণ্য পরিবহনের প্রয়োজনীয়তা— সব মিলিয়ে দুই দেশের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এই ঘনিষ্ঠতারই একটি নেতিবাচক দিক রয়েছে। নেপালের মানুষের একাংশের কাছে বিষয়টি ভারতের ওপর নির্ভরশীলতা বলে মনে হয়েছে। সেখান থেকেই অসন্তোষের জন্ম হয়েছে।
বালেন্দ্র শাহের দিল্লি সফর থেকে মনে হচ্ছে, তিনি এই পুরনো মনোভাব ও অবিশ্বাসের বোঝা সরিয়ে ফেলতে চান। আর তার উপায় হিসেবে তিনি এমন এক সম্পর্কের কথা ভাবছেন, যা হবে বাস্তব ফলাফলনির্ভর এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা। উন্নয়নমূলক অর্থসাহায্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বন্দর ব্যবহারের সুযোগ, সীমান্ত পরিকাঠামো এবং প্রযুক্তিগত সহযোগিতা— এই সবকিছুর সমন্বয়েই সেই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে।
বিদেশ মন্ত্রকের আধিকারিকদের মতে, এই ধরনের সহযোগিতার প্রত্যক্ষ সুফল পৌঁছবে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষের কাছে। শুধু সংবাদমাধ্যমের শিরোনাম তৈরি করা কিংবা রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করার মধ্যে এই উদ্যোগের সার্থকতা সীমাবদ্ধ থাকবে না।
আশা করা হচ্ছে, ভারত-নেপাল সম্পর্কের এই নতুন অধ্যায়ে দুই দেশের মানুষের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ আরও বাড়বে। গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও ধর্মীয় কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, কলকাতা বন্দরের পাশাপাশি নতুন বন্দর ব্যবহারের সুযোগ বাড়ানো, বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং সরাসরি রেল যোগাযোগ স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তবে ভারতীয় আধিকারিকরা সতর্ক করে দিয়েছেন, শেষ পর্যন্ত এই চুক্তি ও সহযোগিতার প্রকৃত মূল্য নির্ধারিত হবে প্রকল্প ঘোষণার মাধ্যমে নয়, বরং কত দ্রুত সেগুলি বাস্তবায়িত হচ্ছে তার ওপর।
নেপালের ভৌগোলিক অবস্থান তার অর্থনীতির কাছে দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা। সমুদ্রবন্দর না থাকায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য তাকে অন্য দেশের ভূখণ্ড ও বন্দর ব্যবহারের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরশীলতা নেপালের অর্থনীতির অন্যতম দুর্বলতা।
কুবের চালিসের মতে, ভারত যদি নেপালকে আরও বেশি বন্দর ও পরিবহনের সুযোগ করে দেয়, তাহলে কাঠমান্ডু তার দেশের নাগরিকদের বোঝাতে পারবে যে, একতরফা নির্ভরশীলতার জায়গায় এখন পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক তৈরি হয়েছে। কারণ, নেপালের সঙ্গে বাণিজ্য বাড়লে ভারতও বন্দর ও পরিবহন থেকে প্রাপ্ত রাজস্ব এবং বাণিজ্যিক সুবিধার কারণে নেপালের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে সমানভাবে আগ্রহী হয়ে উঠবে। অর্থাৎ, এই সম্পর্কের সুফল দুই দেশই পাবে।
নেপালের প্রধানমন্ত্রীর এই সফরকে তাই কীভাবে দেখা উচিত? একে হিমালয় অঞ্চলে ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখার চেয়ে দুই দেশের সম্পর্কের একটি নতুন সূচনা হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। এই সফর ভারতকে নেপালে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ করে দিয়েছে ঠিকই, কিন্তু একে নিছক কূটনৈতিক বিজয় বলে বিবেচনা করা উচিত নয়।




