দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত ও নেপালের সম্পর্ক বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। ভৌগোলিক নৈকট্য, অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় ও সামাজিক বন্ধন দুই দেশকে এক সুতোয় বেঁধে রেখেছে। মাঝেমধ্যে রাজনৈতিক মতপার্থক্য, কূটনৈতিক টানাপোড়েন কিংবা প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা এই সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করেছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-নেপাল সম্পর্ক আবারও নতুন সম্ভাবনার সামনে এসে দাঁড়িয়েছে। দুই দেশের মধ্যে আস্থা, সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার যে নতুন পরিবেশ তৈরি হচ্ছে, তা নিঃসন্দেহে ইতিবাচক।
নেপালে সাম্প্রতিক ছাত্র আন্দোলন ক্রমে তরুণ প্রজন্মের বৃহত্তর গণজাগরণে পরিণত হয়েছিল। তার পরিণতিতে পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটে এবং নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে নেপালের রাজনীতিতে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণেও তার প্রভাব পড়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতকে প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া এবং দুই দেশের সম্পর্ককে হিমালয়ের মতো দৃঢ় বলে অভিহিত করা বিশেষ তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও ভারত ও নেপালের ঐতিহাসিক বন্ধন অটুট। এর আগে নেপালের কয়েকজন প্রধানমন্ত্রী চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। বিশেষ করে কে পি শর্মা অলির আমলে চিনের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ায় ভারত-নেপাল সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয়েছিল। তবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যে নেপালের দীর্ঘমেয়াদি স্বার্থের পক্ষে জরুরি, নতুন নেতৃত্বের অবস্থানে তার প্রতিফলন দেখা যাচ্ছে।
ভারতের পক্ষ থেকেও এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আন্তরিক উদ্যোগ লক্ষ করা যাচ্ছে। গত আগস্টে ভোতে কোশি অঞ্চলে হিমবাহ ভেঙে ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণকাজে ভারত দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। বিপদের সময়ে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ভূমিকা দুই দেশের মানুষের মধ্যে আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কূটনৈতিক সম্পর্কের প্রকৃত শক্তি যে শুধু চুক্তি বা বৈঠকে নয়, বিপদের দিনে সহযোগিতার মধ্যেও প্রকাশ পায়, এই ঘটনা তার প্রমাণ।
উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও ভারত নেপালের পাশে থাকার অঙ্গীকার করেছে। প্রায় ১৫ হাজার কোটি টাকার সমপরিমাণ উন্নয়ন সহায়তার প্রস্তাব দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও বিস্তৃত করবে। নেপালে একটি আইআইটি প্রতিষ্ঠার উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পাশাপাশি আইন ও প্রযুক্তি শিক্ষায় নেপালি ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি, স্টার্টআপ ইনকিউবেটর এবং উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা তরুণ প্রজন্মের সামনে নতুন সুযোগ তৈরি করতে পারে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও শিল্পোদ্যোগের ক্ষেত্রে নেপালের সক্ষমতা বাড়লে তার সুফল দুই দেশই পাবে।
যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নও এই নতুন সম্পর্কের অন্যতম ভিত্তি। সরযূ-কামলা আন্তর্দেশীয় ট্রেন পরিষেবা চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত, পর্যটন ও সাংস্কৃতিক আদানপ্রদান সহজ হবে। বিশেষ করে ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে এই যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাশাপাশি বিদ্যুৎ, পরিবহন, উপগ্রহ প্রযুক্তি এবং অন্যান্য পরিকাঠামো প্রকল্পে সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
ভারত ও নেপালের সম্পর্কের এই নতুন অধ্যায়কে তাই শুধু কূটনৈতিক সৌজন্যের ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক আস্থা পুনর্গঠনের সুযোগ। ভারতের উচিত নেপালের সার্বভৌমত্ব ও নিজস্ব অগ্রাধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। অন্যদিকে নেপালের পক্ষেও ভারতের সঙ্গে ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ককে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই সম্পর্ক আরও গভীর হলে তা শুধু দুই দেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথও প্রশস্ত করবে।




