ফুটবলের মহাযুদ্ধ শুরুর আগে সংগীত, নৃত্য, আলো এবং সংস্কৃতির মেলবন্ধনে মুগ্ধ হল হাজার হাজার দর্শক ও বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। মেক্সিকোর ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ২০২৬ ফিফা বিশ্বকাপ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়।
বিশ্বকাপের সরকারি সংগীত ‘দাই ডাই’ পরিবেশন করেন শাকিরা ও বার্না বয়। রঙীন সাজের নৃত্যশিল্পী, অত্যাধুনিক আলোকসজ্জা এবং বিশাল বিশ্বকাপ ট্রফির প্রতিরূপের সামনে তাঁদের পারফরম্যান্স উদ্বোধনী অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এই গানটি। এ দিন যেন প্রাণ প্রতিষ্ঠা হল সেই সৃষ্টির।
উদ্বোধনী অনুষ্ঠানে শুধু শাকিরা ও বার্না বয়ই নন, উপস্থিত ছিলেন একাধিক আন্তর্জাতিক তারকা। মেক্সিকান রক ব্যান্ড মানা, লাতিন সংগীতশিল্পী জে বালভিন, বেলিন্ডা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, লিলা ডাউনস এবং লস অ্যাঞ্জেলেস আজুলস্-সহ একাধিক শিল্পী মঞ্চ মাতান। অনুষ্ঠান শুরু হয় আজটেকা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ নৃত্য পরিবেশনার মাধ্যমে।
২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ থেকে শুরু করে বিশ্বকাপের মঞ্চে দেখা গেল শাকিরাকে। ২০২৬ বিশ্বকাপে পারফর্ম করার মাধ্যমে তিনি বিশ্বকাপের চারটি আলাদা আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া প্রথম শিল্পী হিসেবে ইতিহাস গড়লেন।তাই শাকিরার কাছে এই অনুষ্ঠান ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
এবারের বিশ্বকাপের অন্যতম বৈশিষ্ট্য হল তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।
মেক্সিকোর উদ্বোধনের পর টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসেও অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। কানাডার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মাইকেল বাবলে, অ্যালানিস মরিসেট ও ভারতের নোরা ফতেহির। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, লিসা, আনিটা, রেমা এবং টাইলার মতো তারকারা।
জমকালো উদ্বোধনের পর মাঠে নামে আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ শুরুর আগেই বিশ্বকাপের আবহকে রাঙিয়ে দেয় শাকিরা ও বার্না বয়ের সুরের জাদু, যা নিঃসন্দেহে ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।




