• facebook
  • twitter
  • youtube
Friday, 19 June, 2026

নেইমারকে দলের সঙ্গে অনুশীলন করতে দিলেন না কোচ আনসেলোত্তি, একান্তে প্র্যাকটিস সারলেন তারকা

বিশ্বকাপের আবহের অংশ হতে চেয়েছিলেন, তাঁর জন্য যে ভূমিকাই নির্ধারিত থাকুক না কেন, আর দশজনের মতো দলের পাশে দাঁড়িয়ে সমর্থন জানাতে চেয়েছিলেন

নেইমারকে নিয়ে সারা দুনিয়ার প্রবল আগ্রহ থাকলেও যতক্ষণ না তিনি পুরোপুরি ফিট হচ্ছেন ও খেলার মতো অবস্থায় আসছেন, ততক্ষণ তাঁকে নিয়ে কোনও আগ্রহ নেই ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাইতির বিরুদ্ধে ম্যাচে নেইমারের খেলার কোনও সম্ভাবনাই নেই। তাই আপাতত তাঁকে নিয়ে বেশি ভেবে সময় নষ্ট করতেও রাজি নন ইতালিয়ান কোচ। শুক্রবার রাতে চলতি বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচ হাইতির বিরুদ্ধে। তার আগে বৃহস্পতিবার শেষ অনুশীলনে দলের সঙ্গে গা ঘামাচ্ছিলেন ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় তারকা। দলের সঙ্গে তাঁকে দেখে কোচ আনসেলোত্তি তাঁকে আলাদা করে ডেকে নেন।

ব্রাজিলের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নেইমার জুনিয়রের কাছে এগিয়ে গিয়ে তাঁকে এমন একটি কথা বলেন কোচ, যা কেউই শুনতে চাইবে না— তিনি ম্যাচে খেলার পরিকল্পনায় নেই, এমনকি বেঞ্চে বসে সতীর্থদের সমর্থন জানাতেও দলের সঙ্গে যাবেন না।
নেইমার নীরবে কথাগুলো শোনেন। তিনি কোনো তর্ক করেননি। কোনো অভিযোগও করেননি। শুধু মাথা নিচু করে সেখান থেকে চলে যান। এই ঘটনার ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়ে যায় এবং সেই দৃশ্য আঘাত করে নেইমারভক্তদের হৃদয়েও।

কারণ, তিনি এখনও খেলার মতো পুরোপুরি ফিট নন। তবে তিনি দলের সঙ্গে অনুশীলনও করতে চেয়েছিলেন এবং সতীর্থদের সঙ্গে থাকতেও চেয়েছিলেন। বিশ্বকাপের আবহের অংশ হতে চেয়েছিলেন, তাঁর জন্য যে ভূমিকাই নির্ধারিত থাকুক না কেন, আর দশজনের মতো দলের পাশে দাঁড়িয়ে সমর্থন জানাতে চেয়েছিলেন। পরে সাংবাদিক বৈঠকে নেইমারকে নিয়ে প্রশ্ন করলে আনসেলোত্তি বলেন, “দেখুন, আমি জানি, সবাই নেইমারকে মাঠে দেখতে চায়। সে একজন জিনিয়াস, একজন জাদুকর। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। ও সবেমাত্র জটিল কাফ ইনজুরি সারিয়ে মাঠে ফিরেছে। গতকাল অনুশীলনে সে ঠিক দশ মিনিট দৌড়েছিল, তার পর এমনভাবে আমার দিকে তাকাল যেন পরের ফ্লাইটেই রিওতে ফিরে যেতে চায়”।

আনসেলোত্তি বলেন, নেইমারের ম্যাচ ফিটনেস নাকি এখন মাত্র ২০ শতাংশ। বলেন, “আমি যদি ওকে হাইতির বিরুদ্ধে ম্যাচে নামাই, যখন ওর ম্যাচ ফিটনেস মাত্র ২০ শতাংশ, তাহলে নকআউট পর্বে পৌঁছনোর আগেই ওর পা-টা শেষ হয়ে যাবে। ও বেঞ্চে থেকেই ম্যাচ শুরু করবে, শান্তভাবে খেলা দেখবে, আর হয়তো একটু মাতে (দক্ষিণ আমেরিকার জনপ্রিয় পানীয়) পান করবে। ম্যাচ যদি জটিল হয়ে ওঠে, তাহলে মিনিট পনেরোর জন্য ওকে মাঠে নামতে পারি। ওকে নিয়ে আমার কোনো তাড়াহুড়ো নেই।” নেইমারকে নিয়ে কোচের এই মন্তব্যের পর তাঁকে নিয়ে আর কীই বা বলার থাকতে পারে?