তিনি আর সাদা-নীল ডোরাকাটা জার্সি পরে মাঠে নামবেন না। কিন্তু তাঁর ছায়া চিরকালই থেকে যাবে আর্জেন্টিনার ফুটবলে। তাই লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তকে বিশেষ সম্মান জানাতে এক বিশেষ পন্থা অবলম্বন করল আর্জেন্টিনা ফুটবল সংস্থা (AFA)। দেশের সব ফুটবল ম্যাচ শুরুর ১০ মিনিট পরে খেলা থামিয়ে এক মিনিট ধরে করতালি দিয়ে মেসিকে সম্মান জানানোর নির্দেশ দেওয়া হল সব ক্লাবকে। পুরুষদের পাশাপাশি মহিলাদের ফুটবল, ফুটসাল এবং বিচ ফুটবলের ম্যাচেও এই শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বলে জানাল তারা।
মেসির জার্সি নম্বর ১০। তাই শ্রদ্ধা জানানোর জন্যও বেছে নেওয়া হয়েছে ১০ মিনিটকেই। ক্লাবগুলিকে AFA জানিয়েছে, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির কেরিয়ারের স্বীকৃতিস্বরূপ আগামী ম্যাচগুলিতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা থামিয়ে এক মিনিট করতালি দেওয়া হবে’। তার পরেই দেশ জুড়ে সেই নির্দেশ অনুসরণ করে একে একে প্রায় সবাই মেসিকে সন্মান জানায়।
আরেক কিংবদন্তি মারাদোনার ছেলেবেলার ক্লাব বোকা জুনিয়র্স এই ব্যাপারে হয়ে ওঠে পথিকৃৎ। কোপা আর্জেন্টিনার ১৬ দলের রাউন্ডে ভেলেস সার্সফিল্ড বনাম বোকা জুনিয়র্স ম্যাচে ১০ মিনিট হয়ে যাওয়ার পরেই লম্বা বাঁশি বাজিয়ে রেফারি খেলা থামিয়ে দেন এবং এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসের গ্যালারিতে ও মাঠে এক মিনিট ধরে চলে করতালি। যে সব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেখানে আবার ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে AFA-র তৈরি বিশেষ ভিডিয়োও দেখানো হচ্ছে।
🚨The Boca Juniors’ match stopped in the 10th minute to honor Lionel Messi who just retired from international football pic.twitter.com/hmypexb0Qc
— Polymarket Sports (@PolymarketSport) September 3, 2026
অর্থাৎ, মেসির বিদায়কে কেন্দ্র করে গোটা দেশের ফুটবলজুড়েই তৈরি হয়েছে এমন আবেগঘন পরিবেশ। শুক্রবার, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আর্জেন্টিনার ক্লসুরা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড। সেই সপ্তাহান্তের ম্যাচগুলিতেও থাকবে এই বিশেষ আয়োজন।
এর মধ্যে ভেলেস বনাম বোকা ম্যাচটির গুরুত্ব আলাদা। কোপা আর্জেন্টিনার ম্যাচ হওয়ায় দুই ঐতিহ্যশালী ক্লাবের লড়াই এমনিতেই নজর কাড়ে। তার উপর মেসির জন্য ১০ মিনিটে খেলা থামলে সেই ম্যাচ হয়ে ওঠে আরও স্পেশ্যাল।
গত ৩১ অগস্ট জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন ৩৯ বছরের মেসি।অবসরের বার্তায় মেসি লিখেছিলেন, ‘এই সিদ্ধান্ত আমাকে কষ্ট দিয়েছে এবং এখনও ভিতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, এ বার সময় এসেছে। সব সময় নিজের সর্বস্ব দিয়েছি—শুধু গত কয়েক বছরে নয়, তার আগেও। এই জার্সির জন্য সব সময় লড়েছি, মাঠে সব কিছু উজাড় করে দিয়েছি, যাতে আপনাদের আনন্দ দিতে পারি এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়া নিয়ে গর্বিত করতে পারি’।
আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্যের তালিকাও দীর্ঘ। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২১ এবং ২০২৪ সালে কোপা আমেরিকা জিতেছেন। ২০০৮ সালের অলিম্পিকেও সোনা রয়েছে তাঁর ঝুলিতে। ২০২৬ বিশ্বকাপে শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি—ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স হয় আর্জেন্টিনা।
মেসি জাতীয় দল ছাড়ার ঘোষণা করার পরেই তাঁকে ঘিরে আবেগের বিস্ফোরণ ঘটেছে আর্জেন্টিনায়। সতীর্থ থেকে সমর্থক—সকলেই জানাচ্ছেন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আর এ বার সেই আবেগ মাঠেও নেমে এল। মেসির অবসর ঘোষণার পর সতীর্থ থেকে শুরু করে গোটা ফুটবল বিশ্ব তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। আর্জেন্টিনার ফুটবলে তাঁর জায়গাটা কতটা আলাদা, AFA-র এই অভিনব উদ্যোগই তার প্রমাণ। মাঠে ৯০ মিনিট ফুটবল চলবে, কিন্তু ১০ মিনিট পরে মিনিট খানেকের জন্য থেমে যাবে সব কিছু— শুধু মেসির জন্য।




