ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে এক বিশেষ দিন। মঙ্গলবার ৪৫ বছরে পা দিলেন ‘ক্যাপ্টেন কুল’। আর তাঁর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই সমাজমাধ্যমে শুভেচ্ছা, আবেগঘন বার্তা এবং স্মৃতিচারণায় ভরে ওঠে টাইমলাইন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমী, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা জানান ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটারকে।
এর মধ্যে এমন এক কাব্যিক শুভেচ্ছাবার্তা লিখেছেন এক প্রাক্তন ক্রিকেট তারকা, যা অনেক পেশাদার লেখককেও লজ্জায় ফেলতে পারে। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ, যাঁর সঙ্গে ধোনির অম্ল-মধুর সম্পর্কের জল্পনা চলেছে দীর্ঘদিন ধরে, তিনি তাঁর সোশ্যাল মিডিয়া বার্তায় কেরলের একটি জলপ্রপাতের কথা উল্লেখ করেছেন। সেই জলপ্রপাতের নাম ধোনির নামে রাখা হয়েছে। সেহওয়াগ লিখেছেন, বাইরে থেকে শান্ত হলেও ওই জলপ্রপাতের অন্তরে রয়েছে ‘আগুন’। যেন প্রকৃতি অনেক আগেই বুঝতে পেরেছিল, একদিন এমনই একজন মানুষ ভারতের নেতৃত্ব গ্রহণ করবেন।
এ বছর ৪৫ বছরে পা দিলেন ধোনি। তাঁর এবং সেহওয়াগের যুগলবন্দিতেই ভারত ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল। দু’জনের বন্ধুত্বে দূরত্ব বা সম্পর্কের টানাপোড়েন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছে। বিশেষ করে ধোনি যখন রোটেশন নীতি চালু করে সেহওয়াগের মতো সিনিয়র ক্রিকেটারদের কিছু সময়ের জন্য বেঞ্চে বসিয়ে দিয়েছিলেন, তখন সেই জল্পনা আরও জোরদার হয়। তবে ধোনি এবং সেহওয়াগ দু’জনেই একাধিকবার স্পষ্ট করেছেন, তাঁদের মতপার্থক্য মূলত পেশাদার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল।
১৯৮১-র ৭ জুলাই জন্ম মহেন্দ্র সিং ধোনির। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই ভারত জিতেছিল ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং ‘থালা’ ও ‘ক্যাপ্টেন কুল’কে ঘিরে ভক্তদের উন্মাদনা এখনও একই রকম রয়েছে।
৪৫তম জন্মদিনে ধোনিকে ঘিরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য ছবি, ভিডিও এবং স্মৃতিচারণ। ভক্তরা তাঁর বিশেষ মুহূর্ত ও বৈশিষ্টগুলি, যেমন বিশ্বকাপজয়ী ছক্কা, দুরন্ত উইকেটকিপিং, হেলিকপ্টার শট এবং তাঁর ঠান্ডা মাথার অধিনায়কত্বকে ফিরে দেখেন আবেগের সঙ্গে। অনেকে তাঁকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক বলেও অভিহিত করেন।
ধোনির জন্মদিনে শুভেচ্ছা জানান ভারতের তরুণ ব্যাটার দেবদত্ত পাডিক্কালও। কাকতালীয়ভাবে, পাডিক্কালেরও জন্মদিন ৭ জুলাই। ফলে ভারতীয় ক্রিকেটে একই দিনে দুই প্রজন্মের ক্রিকেটারকে শুভেচ্ছা জানানোর সুযোগ পান সমর্থকেরা।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনির প্রভাব আজও অটুট। মাঠের সাফল্য, নেতৃত্বগুণ এবং চাপের মুহূর্তে অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য তিনি এখনও কোটি কোটি ক্রিকেটপ্রেমীর কাছে অনুপ্রেরণা। ৪৫তম জন্মদিনেও সেই ভালোবাসারই আরও একবার প্রমাণ মিলল সমাজমাধ্যম জুড়ে।




