সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়াতেই ঝেঁপে নামছে বৃষ্টি। রোদ আর বৃষ্টির এই লুকোচুরিতে আবহাওয়ার মুড বোঝা দায়। তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর। রবিবার ও সোমবার কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কোনও কোনও জায়গায় সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্তমানে বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর ফলে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির দাপট বাড়তে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলার দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই দুটি জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার সপ্তাহের শুরুতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
কলকাতায় আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।




