• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

ভাইফোঁটায় কালঘাম ছুটছে দিদি-বোনেদের, মিষ্টি-মাছ-মাংস-সবজির দামে ছ্যাঁকা

কিন্তু সব মিষ্টিরই দাম বেশ চড়া। তা বলে বছরে একবার কষ্ট হলেও ভাইয়ের মুখে মিষ্টি তুলে দিতে দিদি-বোনেরা মিষ্টান্ন ভাণ্ডারে ভিড় করছেন

ভাইফোঁটায় কালঘাম ছুটছে দিদি-বোনেদের, মিষ্টি-মাছ-মাংস-সবজির দামে ছ্যাঁকা

Sweets Price Hike Photo-SNS

ভ্রাতৃদ্বিতীয়া ভাই-বোনের অটুট ভালবাসা উদযাপনের বিশেষ দিন। তার জন্য সারা বছর অপেক্ষায় থাকে বাঙালি। আর বাঙালির যে কোনও উৎসব মিষ্টি ছাড়া হয় না। আর ভাইফোঁটার মতো পার্বণে মিষ্টি পাতে থাকবেই। বাজারে চিনির দাম চরমে উঠেছে। দাম বেড়েছে ছানা এবং অন্য সব উপকরণেরও। সুতরাং মিষ্টি কিনতে গিয়ে হাতে রীতিমতো ছ্যাঁকা লাগছে। একাধিক জেলার নানা মিষ্টির দোকানে বোন-দিদিদের চাপ লক্ষ্য করা গিয়েছে। উৎসবের আনন্দে এবার বাধ সেধেছে বাজারদর। মিষ্টি, মাছ, মাংস থেকে শুরু করে সবজির দাম চড়া। তাই ভাইয়ের মুখে হাসি ফোটাতে গিয়ে কালঘাম ছুটছে দিদি-বোনদের।

রসগোল্লা বা পান্তুয়ার মতো রসের মিষ্টির পাশাপাশি ভাইফোঁটায় একটু ভিন্ন স্বাদ ও আকৃতির সন্দেশের চাহিদা বেশি থাকে। ‘ভাইফোঁটা’ লেখা সন্দেশের ব্যাপক চাহিদা। মিল্ক কেক, বাটার স্কচ, জলভরা বা জেলিভরা সন্দেশও চাহিদার মধ্যে থাকে। তবে দাম শুনলে অনেকেরই মাথা ঘুরছে। একটু ভাল মানের সন্দেশ ২০ টাকার নিচে নেই। বড় সাইজের ‘ভাইফোঁটা’ লেখা সন্দেশ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। যে মিষ্টি ১২ টাকায় মিলত সেটা এখন ১৫ টাকা ও ২০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি, ছানার দাম বাড়ায় বাধ্য হয়েই মিষ্টির দাম কিছুটা বাড়াতে হয়েছে। এবার ‘ফুচকা মিষ্টির’ চাহিদা বেড়ে গিয়েছে। ফুচকার খোলের ভিতর ভরে দেওয়া হচ্ছে মিষ্টি। রসমালাই, গোলাপ জাম, পটলের মোরব্বা, অমৃত কলস এবং চকোলেট দিয়ে তৈরি অভিনব মিষ্টির চাহিদাও বেশি।

কিন্তু সব মিষ্টিরই দাম বেশ চড়া। তা বলে বছরে একবার কষ্ট হলেও ভাইয়ের মুখে মিষ্টি তুলে দিতে দিদি-বোনেরা মিষ্টান্ন ভাণ্ডারে ভিড় করছেন। এবার নানারকমের সন্দেশের মিষ্টির চাহিদা তুঙ্গে। সেখানে চিরাচরিত মিষ্টির পাশাপাশি আম এবং চকোলেট স্বাদের সন্দেশ বেশ জনপ্রিয় হয়েছে। সর্বত্রই ভাল গুনমানের মিষ্টির গড় দাম ২০ টাকা রেখেছেন ব্যবসায়ীরা। আবার স্বাস্থ্যসচেতন ক্রেতাদের কথা ভেবে বিভিন্ন দোকানে চিনি ছাড়া সম্পূর্ণ ‘সুগার ফ্রি’ মিষ্টি তৈরি হচ্ছে। চিনির বদলে খেজুর গুড়, কিশমিশ, কোরানো নারকেল এবং নানা ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি সন্দেশের চাহিদাও বাজারে ক্রমশ বাড়ছে।

তাছাড়া শুধু মিষ্টির দামই বেড়েছে এমন নয়, মাছের বাজারেও আগুন। কদিন আগে পাইকারি বাজারে ভেটকি মাছ কেজি প্রতি ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০০ টাকায়। পমফ্রেট মাছের দামও ৬৫০-৭০০ টাকা থেকে এক হাজার টাকায় পৌঁছেছে। ইলিশের দাম পাইকারি বাজারে ১৮০০ থেকে ২০০০ টাকা হয়েছে। চিংড়ি ও কাতলা মাছের দামও বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মাংসের দামও। খাসির মাংসের দাম কেজি প্রতি ৯৫০ টাকায় পৌঁছেছে। মুরগির মাংসের দাম ২৬০ টাকা। সবজির বাজারও ঊর্ধ্বমুখী।