বৃদ্ধা মা-কে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে কলকাতার হরিদেবপুরে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম উমারানী ঘোষ (৮৫)। অভিযুক্ত ৬৭ বছরের সাগর ঘোষ মা-কে খুনের পর নিজেই ফোন করে পুলিশকে গোটা ঘটনাটি জানান। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রের খবর, উমারানী ছেলে সাগরের সঙ্গে হরিদেবপুরের ইশাক মহম্মদ রোডের বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে উমারানী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বয়সের ভারে শারীরিকভাবে তিনি দুর্বলও হয়ে পড়েছিলেন। মায়ের চিকিৎসার বিপুল খরচ আর বহন করতে পারছিলেন না ছেলে সাগর।
জানা গিয়েছে, মা-কে খুন করার পর অভিযুক্ত নিজেই লালবাজারের ১০০-য় ডায়াল করে পুরো ঘটনা খুলে বলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকে খুনের কথা সাগর স্বীকার করেছেন। জেরায় অভিযুক্ত জানিয়েছেন, চিকিৎসার খরচ জোগাতে না পেরেই তিনি মা-কে খুন করার চরম সিদ্ধান্ত নিয়েছেন। তদন্তকারীদের সন্দেহ, শ্বাসরোধ করে উমারানীকে খুন করা হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
পুলিশ সূত্রের খবর, উমারানীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। তবে অভিযুক্তের বয়ানই চূড়ান্ত হিসেবে মানতে নারাজ তদন্তকারীরা। চিকিৎসার খরচ সংক্রান্ত অভিযুক্তের দাবি কতটা সত্যি? কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: অভিষেকের রক্ষাকবচ নিয়ে আইনজীবীর সাফাইয়ে অসন্তুষ্ট বিচারপতি, ফিরবে অন্তর্বর্তী সুরক্ষা?
সূত্রের খবর, অভিযুক্ত মানসিক অবসাদ বা অন্য কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, সেই দিকটিও তদন্তের আওতায় রয়েছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, পুলিশ তা জানার চেষ্টা করছে।




